গোলপাতা নাট্যবিদ্যালয়ের তিন দিনের নাটক প্রশিক্ষন
গালিব ইসলাম, কুমিরমারী : সুন্দরবন , সুন্দরবনের গোসাবা ব্লকের কুমিরমারীতে ২৫-২৭ শে মে’২০২৬ অনুষ্ঠিত হলো তিন দিনের নাট্য কর্মশালা।
এ বছরের গোড়াতে গোলপাতা নাট্য দল ( Golpata of Marichjhapi ) নাট্য বিদ্যালয়ের কাজ শুরু করে। আপাতত ৩০ জন বাচ্চাকে নাট্যকলা শিক্ষার আর্দশে আনতে চায়। প্রথমত: এক বছরের জন্য ভাটিয়ালি গান, দোতারা বাজনা, মূকাভিনয়, পুতুল নাচ, রায়বেশে, মুখোশ তৈরি, বনবিবি পালার গান, অন্যান্য পালাগান, অঙ্কণ, বাচিক ইত্যাদি নাটকের বিভিন্ন বিষয়ে পাঠদান করিয়ে রায়বেশে নৃত্য, মূকাভিনয়, ভাটিয়ালি গান ও নাটকের প্রর্দশন এবং বছরের শেষে সার্টিফিকেট প্রদান করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
নাট্য বিদ্যালয় এই উদ্দেশ্যে দ্বিতীয় পর্যায় প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রশিক্ষক হিসাবে ছিলেন অভিষেক দত্ত ( বোলপুর নৃত্য বিতানের কর্ণধার )। তিনি তিন দিন বাচ্চাদের সঙ্গে একাত্ম হয়ে শারীরিক ব্যায়াম দিয়ে শুরু করে রায়বেশে, মূকাভিনয়, সংলাপ বলা, নাটকের গল্প লেখা, তা থেকে নাটক বানানো, নাট্যরস, ইত্যাদি বিষয়ে পাঠদান করেন।
এমনকি তাদের লেখা গল্প নিয়ে নিজেরা ছোট ছোট নাটক করে দেখায়। এই অঞ্চলের বাচ্চারা কোন দিন নাটকের প্রশিক্ষণ নেয়নি, এমনকি নাটকই দেখেনি কোন দিন। তবে প্রশিক্ষক তার নিজস্ব নৃত্য ও নাট্যধারার আঙ্গিক বাচ্চাদের মনমুগ্ধ করে তোলে। ফলে বাচ্চারা সকাল ৫.৩০ টাতে ক্লাস করতে চলে আসে। বাচ্চাদের উৎসাহ চোখে পড়ার মতো। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উল্লেখ্য।
এই নাট্য বিদ্যালয়টি চালাতে কুমিরমারী সমাজ কল্যাণ সংঘ, কুমিরমারী হাই স্কুল ও কুমিরমারী প্রাথমিক বিদ্যালয় সর্বোতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। নাট্যদলের পক্ষ থেকে সীতাংশু মন্ডল বলেন, নাটক দলটির নামের সঙ্গে ‘মরিচঝাঁপি’ কথাটি জড়িয়ে, মরিচঝাঁপি আসলে সুন্দরবনের জঙ্গলের একটা অঞ্চল, এই জঙ্গল অঞ্চলের লাগোয়া কুমিরমারী, মোল্লাখালী ও সাতজেলিয়া এই তিনটি দ্বীপ জনপদ, তাই এই তিনটি জনপদে নাটকের বিদ্যালয়ের কাজ চালাতে চান তাঁরা।
নাট্য প্রশিক্ষণ একটি উল্লেখযোগ্য শিল্পকলা।এর মধ্য দিয়ে শিশুদের মস্তিষ্ক- মননে একটি গভীর সাংস্কৃতিক চেতনার সঙ্গে শারীরিক-মানসিক একটি ক্রিয়া সংগঠিত হওয়ায় শিশুমনে একটি গভীর সাংস্কৃতিক চেতনার রেখাপাত ঘটে থাকে।
নাট্যচর্চায় সুন্দরবনের মানুষের কাছে গোলপাতা অব মরিচঝাঁপির তৎপরতা ইতিমধ্যেই রাজ্যে সাড়া ফেলে দিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই নাট্য সংস্থাটিরকাজের ধারাবাহিকতা আছে।
শিশুদের উৎসাহ উদ্দীপনা দেখলে বোঝা যায়, গোলপাতা অব মরিচঝাঁপি আগামী দিনে নাট্য নিবেদিত এক প্রজন্ম তৈরি করতে কতটা দৃঢ় প্রতিজ্ঞ।

