দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্বশর্মা! শপথ মঙ্গলবার
নির্বাচনী ফলাফলে অসমের জনতা রায় দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র পক্ষে। বিরোধী শিবিরকে পর্যদুস্ত করার পর রবিবার এনডিএ-র বিধায়ক দলের নেতা নির্বাচিত হলেন হিমন্ত বিশ্বশর্মা। অর্থাৎ দ্বিতীয়বারের জন্য অসমের মসনদে বসতে চলেছেন তিনি। জানা যাচ্ছে, আগামী ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার গুয়াহাটিতে আয়োজিত হতে চলেছে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান।
জানা যাচ্ছে, রবিবার গুয়াহাটিতে বিজেপির বিধায়কদলের বৈঠক বসেছিল। সেখানে বিদায়ী সরকারের ৩ মন্ত্রী ও ৮ বিধায়কের তরফে এনডিএ-র বিধায়কদলের নেতা হিসেবে হিমন্ত বিশ্বশর্মার নাম প্রস্তাব করা হয়। সর্বসম্মতিতে পাশ হয়ে যায় সেই প্রস্তাব। বৈঠক শেষে এনডিএ নেতারা অসমের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান। এই দলে রাজ্যের নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিংরা। এখানে এনডিএ-র তিন শরিক দলের বিধায়কদের সই করা পত্র তুলে দেওয়া হয় রাজ্যপালের হাতে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ হওয়ার পর ১২ মে শপথের দিন ঠিক হয়।

১২৬ আসনের অসম বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজন ছিল ৬৪টি আসনের। সেখানে বিজেপি একাই পেয়েছে ৮২টি আসন। পাশাপাশি এনডিএ-র শরিক দল বিওপিএফ ও এজিপি যথাক্রমে পেয়েছে ১০টি করে আসন। অর্থাৎ এনডিএ-র প্রাপ্ত আসন ১০২। অন্যদিকে কংগ্রেস পেয়েছে মাত্র ১৯টি আসন। বিরাট এই জয়ের পর অসমে এবার তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে এনডিএ। ২০১৬ সালে এখানে প্রথম এনডিএ নেতৃত্বাধীন জোট সরকার গঠিত হয়। যার মুখ্যমন্ত্রী ছিলেন সর্বানন্দ সোনওয়াল। এরপর ২০২১ সালে এখানে মুখ্যমন্ত্রী হন হেমন্ত। এই নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর দায়িত্ব উঠছে তাঁর কাঁধে।

