নির্বাচনের পর রাজ্যজুড়ে সন্ত্রাস, প্রশাসনের নিষ্ক্রিয়তা হতাশাজনক, অবিলম্বে রাজ্যে শান্তি প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি : হাকিকুল ইসলাম
বিশেষ প্রতিনিধি :পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এক অশান্ত ও উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিউ মার্কেটে দোকান ভাঙচুর, কলেজ স্ট্রিটে হামলা, জিয়াগঞ্জে লেলিনের মূর্তি ভাঙচুর, লালবাগে কবরস্থান দখল সহ একাধিক এলাকায় বিজেপি ও আরএসএসের কর্মীদের দ্বারা সংগঠিত হামলা, ভাঙচুর ও সন্ত্রাসের ঘটনা ক্রমাগত সামনে আসছে, যা গণতান্ত্রিক পরিবেশের পক্ষে চরম হুমকি।
সবচেয়ে আশ্চর্যের বিষয়, একদিকে বিজেপির রাজ্য সভাপতি সহ একাধিক নবনির্বাচিত বিধায়ক প্রকাশ্যে শান্তির বার্তা দিচ্ছেন এবং কর্মীদের সংযত থাকার আহ্বান জানাচ্ছেন, অথচ অন্যদিকে মাটিতে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছে। এই দ্বিচারিতা রাজ্যের মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠেছে।

এর থেকেও বেশি উদ্বেগজনক হলো প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা। তারা কার্যত নির্বাক দর্শকের মতো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কিন্তু দুষ্কৃতীদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এর ফলে সাধারণ মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তা আরও বাড়ছে।
আমরা স্পষ্টভাবে বলতে চাই— সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সংবিধান পরিবর্তন হয়ে ‘মনুস্মৃতি’ হয়ে যায়নি। দেশ এখনও কোনোভাবেই ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণা করা হয়নি যে, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে যার মতো করে তাণ্ডব চালাবে এবং প্রশাসন চুপচাপ তা মেনে নেবে।
এসডিপিআই রাজ্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে, প্রতিটি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং দোষীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। একইসঙ্গে, রাজ্যে অবিলম্বে শান্তি ও আইন-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে।
গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই। মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব— সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই।

