দিল্লির বিবেক বিহারে ভোর রাতে আগুন, মৃত ৯, দায় কার?
দিল্লির বিবেক বিহারের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার সকালে ওই বহুতলে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরের দিকে আগুন লাগে। সেই সময় বহুতলের বাসিন্দারা ঘুমে আচ্ছন্ন ছিলেন। তবে স্থানীয়দের তৎপরতায় বেশির ভাগ বাসিন্দাকে সুরক্ষিত অবস্থায় বাইরে বার করে আনা হয়। আগুনের মধ্যে আটকে পড়েছিলেন বাসিন্দাদের অনেকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তাঁদের মধ্যে ন’জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বহুতলের তিন তলায় আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের কয়েকটি ইঞ্জিন পৌঁছে আগুন নেবানোর চেষ্টা করে। বাসিন্দাদের উদ্ধার করার চেষ্টা করা হয়। কিন্তু আগুন এতটাই ভয়াবহ ছিল এবং দ্রুত ছড়াচ্ছিল যে তা নিয়ন্ত্রণ করতে দমকলবাহিনীকে হিমশিম খেতে হয়। পরে দমকলের আরও কয়েকটি ইঞ্জিন আসে। মোট ১৪টি ইঞ্জিন দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁরা জোরালো কিছু বিস্ফোরণের আওয়াজ পান। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এসি বিস্ফোরণ হওয়ায় আগুন লেগেছে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বেশির ভাগ বাসিন্দাকেই সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয়। কয়েক জনের খোঁজ পাওয়া যাচ্ছে না দাবি স্থানীয়দের। ভিতরে কেউ আটকে রয়েছেন কি না তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।
সহদরার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্রপ্রসাদ মীনা বলেন, ‘‘সকালে আমাদের কাছ খবর আসে বিবেক বিহারের একটি বহুতলে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে দমকল এবং স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বহুতলে আর কেউ আটকে আছেন কি না, খতিয়ে দেখা হচ্ছে।’’

