নির্বাচনী ভাতা না পাওয়ায় সিউড়িতে ভোট কর্মীদের বিক্ষোভ
নির্বাচনের দায়িত্ব পালন করতে এসে বকেয়া নির্বাচনী ভাতা না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন ভোটকর্মীদের একাংশ। বুধবার সিউড়ির অন্তর্গত ডিস্ট্রিবিউশন সেন্টার (ডিসি) শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠের ভিতরেই এই নিয়ে শুরু হয় বিক্ষোভ। অভিযোগ, নির্বাচনের কাজে অংশগ্রহণের জন্য যে টাকা পাওয়ার কথা ছিল, তা এখনও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েনি। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ভোটকর্মীরা জানান, প্রাপ্য টাকা না পেলে তাঁদের পক্ষে ভোটের দায়িত্ব পালন করা সম্ভব নয়। রিটার্নিং অফিসারের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুললেন ভোটকর্মীরা।
ঘটনাকে ঘিরে কিছু সময়ের জন্য সিউড়ির ওই ডিস্ট্রিবিউশন সেন্টার চত্বরে উত্তেজনা তৈরি হয়। চলে মিছিলও। প্রশাসনের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। রিটার্নিং অফিসারের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের শোকজের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভোটকর্মীরা। এদিকে অরাজকতার অভিযোগ তুলেছে ভোটকর্মীরা। রিটার্নিং অফিসার প্রতিশ্রুতি ভঙ্গ করছেন বলে দাবি তাঁদের।

ভোটকর্মীদের অভিযোগ, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বহু ভোটকর্মীর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কিন্তু একটা অংশ এমনও আছে যাঁদের টাকা এখনও পর্যন্ত ঢোকেনি। যে কর্মীরা রিজার্ভে রয়েছেন তাঁদের কাউন্টার থেকে টাকা দেওয়া হলেও কর্মরত কর্মীদের টাকা দেওয়া হচ্ছে না। বার বার বলা সত্ত্বেও কোনও সদুত্তর না পেয়ে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান ভোটকর্মীরা। রিটার্নিং অফিসারকেও জানানো হয়েছে ঘটনার কথা। কিন্তু কেউ কোনও ব্যবস্থা গ্রহণ করছেন না। এক ভোটকর্মী জানান, “এটা আমাদের হকের টাকা। আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। বাড়ি বসে প্রস্তুতি নিয়েছি। চরম অব্যবস্থা চলছে।”

