জোড়া নিম্নচাপের জেরে দক্ষিণ ও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভবনা
পহেলা বৈশাখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় কালবৈশাখী হচ্ছে। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলছিল। আলিপুর আবহাওয়া দফতর বলছে, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। তার জেরে দু’দিন তাপমাত্রা একটু কমবে। তবে তার পরেই বাড়বে তাপমাত্রা। বাড়বে অস্বস্তিও। উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার হেরফের হচ্ছে না। ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছেন রবিবার পর্যন্ত।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও গিয়েছে। অন্য দিকে, উত্তর বাংলাদেশ এবং আশপাশের অঞ্চলের উপরে একটি উচ্চচাপযুক্ত ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ছুটে আসছে। তার জেরেই দক্ষিণবঙ্গে বৃহস্পতি এবং শুক্রবার ঝড়বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।

বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। শনিবার কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

