জেলা 

নন্দীগ্রামের আইএসএফ প্রার্থীকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব, ভাইরাল অডিও চাঞ্চল্য রাজ্য জুড়ে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : প্রথম দফার ভোটের ঠিক সাত দিন আগে নন্দীগ্রামের আইএসএফ প্রার্থীকে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে এরকম একটি অডিও ভাইরাল হওয়ায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের আইএসএফ প্রার্থী সবেমিরাজ খানকে ফোন করে তৃণমূলে যোগদানের প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতা শেখ মনসুর এবং প্রার্থী সবেমিরাজ খানের ফোনে কথোপকথনের সেই ভিডিও ভাইরাল।

তবে শেখ মনসুরের সেই প্রস্তাব ফিরিয়ে বারবার প্রার্থী সবেমিরাজ খানকে বলতে শোনা গিয়েছে, ”আমি বিশ্বাসঘাতকতা করতে পারব না। দল যখন এখানে আমাকে প্রার্থী বলে ঘোষণা করেছে, তখন ভোটে আমাকে লড়তে হবে। জানি হয়তো ক্ষতি হবে। কিন্তু আমি তো একটা নীতি নিয়ে রাজনীতি করি।”

Advertisement

২০২১ সালের বিধানসভা ভোটের আগেও এমন একটি ভাইরাল অডিও প্রকাশ্যে এসেছিল। সেবার বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগে নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পালকে তদানীন্তন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে সহযোগিতা করার আহ্বান জানিয়ে ফোন করেছিলেন। সেই কথোপকথনের অডিও ভাইরাল হয়েছিল। ছাব্বিশেও প্রায় একইরকম ঘটনা। এবার আইএসএফের হয়ে ভোট ময়দানে নামা প্রার্থীকেই দল এবং লড়াই ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব সংক্রান্ত একটি ফোনের ভাইরাল অডিও ঘিরে শোরগোল পড়ে গেল।

ওই কথোপকথনে শোনা গিয়েছে, নন্দীগ্রামের আইএসএফ প্রার্থী সবেমিরাজ খানকে জনৈক তৃণমূল নেতা শেখ মনসুর ফোন করে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তাঁর যদি কোনও শর্ত থাকে, তাও পূরণ করে দেওয়ার আশ্বাস দেন ওই নেতা। এমনকী এও বলেন যে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সঙ্গে গোপন বৈঠক করুন সবেমিরাজ খান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ