ভোটারদের ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান, চাঞ্চল্য ক্যানিংয়ে
মুর্শিদাবাদের বহরমপুরের পরে এ বার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশে গ্রেফতার করা হল আরও এক তৃণমূল নেতাকে।
কমিশন সূত্রে খবর, দেউলি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান হাফিজুল মোল্লা ভোটারদের হুমকি দিয়েছেন। অভিযোগ, জীবনতলার একটি সভা থেকে তিনি বলেছেন, ‘‘ভোট গণনার পরে ‘স্টিম রোলার’ চলবে।’’ ওই ঘটনায় হাফিজুলকে গ্রেফতার করতে বলেছিল কমিশন। পুলিশ সেই নির্দেশ মেনে হাফিজুলকে গ্রেফতার করেছে। কমিশন পুলিশকে নির্দেশ দিয়েছে, তৃণমূল নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করতে হবে।

হাফিজুলের সেই বিতর্কিত বক্তৃতার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে । তাতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘‘আমাদের ২৯ তারিখ ভোট এবং ৪ মে গণনা। গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে ‘স্টিম রোলার’ চলবে আমরা খোলা আকাশের নীচে বলে রাখছি। কারণ, এ লড়াই আমাদের জিততে হবে।’’ প্রসঙ্গত, এর আগে কমিশনের নির্দেশে ভোটারদের ভয় দেখানোর অভিযোগে বহরমপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কমিটির সভাপতি রাজু মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।

