কলকাতা 

ঘূর্ণাবর্তের জেরে রবিবারেও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টির সম্ভবনা!

শেয়ার করুন

ঘূর্ণাবর্তের জেরে দক্ষিবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টির  কারণে এক ধাক্কায় কলকাতার পারদ নেমে গেল ১১ ডিগ্রি! রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি কম। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে তা ১১ ডিগ্রি কম! শুক্রবারও শহরের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩০ ডিগ্রি পর্যন্ত।

তবে রবিবার শুধু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে রবিবার। তার পর আবার সেই সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে শুক্রবার এবং শনিবার।

Advertisement

উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির দাপট আগের চেয়ে কম। তবে এখনও সতর্কতা জারি রয়েছে। দার্লিজিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। কোচবিহারে ঝড়বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমতে পারে। তার পরের তিন দিনে ধীরে ধীরে আবার তিন থেকে চার ডিগ্রি চড়বে পারদ।

উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের উপর ঘূর্ণাবর্ত রয়েছে। সেখান থেকে একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। তা গিয়েছে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ অসমের উপর দিয়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে অক্ষরেখাটির উচ্চতা ০.৯ কিলোমিটার। এর প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। তাই রাজ্য জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ