তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি নন, উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার
বাংলার জনরব ডেস্ক : ১৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশিষ্ট অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোঃ ইউনুস। কিন্তু ভারতে যেহেতু ফ্রান্সের রাষ্ট্রপ্রধান থাকবেন ওই সময় সুতরাং প্রধানমন্ত্রীর পক্ষে যাওয়া সম্ভব নয় এমনকি বিদেশমন্ত্রীর পক্ষেও যাওয়া সম্ভব নয়। তাই ভারতের প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
বিদেশমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, ভারত এবং বাংলাদেশের গভীর এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের স্বীকৃতি হিসেবেই ওম বিড়লা তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন৷ ভারত যে দু দেশের গণতান্ত্রিক মূল্যবোধকেও সম্মান জানায়, সেকথাও বিবৃতিতে মনে করিয়ে দিয়েছে নয়াদিল্লি৷

সদ্য সমাপ্ত বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিএনপি৷ দলের চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন৷
তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে মোট ১৩টি দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ৷ ভারত ছাড়াও সেই তালিকায় রয়েছে পাকিস্তান, চিন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মলদ্বীপ এবং ভুটান৷
বাংলাদেশের নির্বাচনে বিএনপি-র বিপুল জয়ের পরেই প্রথমে সমাজমাধ্যমে বাংলায় পোস্ট করে এবং তার পর তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত এবং বাংলাদেশের সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি হয়েছে৷ তারেক রহমানের আমলে সেই চিড় ধরা সম্পর্ক অনেকটাই মেরামত হতে পারে বলে মনে করা হচ্ছে৷ বিশেষত, তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো বাংলাদেশের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা৷

