দেশ 

রাহুলের সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা শশীর!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শশী থারুর কংগ্রেস ত্যাগ করছেন না তিনি কংগ্রেসের ছিলেন এবং কংগ্রেসেই থাকবেন আসন্ন কেরল বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচারে নামবেন। আজ শুক্রবার রীতিমতো সাংবাদিক সম্মেলন করে এ কথা ঘোষণা করেছেন কংগ্রেসের চারবারের সাংসদ। গতকাল বৃহস্পতিবার হঠাৎই তিরঅনন্তপুরমের চারবারের সাংসদ শশী থারুর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শুক্রবার শশীকে (Shashi Tharoor) বলতে শোনা গিয়েছে, ”আমি কংগ্রেসেই আছি। অন্য কোত্থাও যাচ্ছি না। কেরলের প্রচারের অংশ হব এবং ইউডিএফের জয়ের জন্য কাজ করব। কেরলের আগামী বিধানসভা নির্বাচনে আমি সামনে থেকে কংগ্রেসকে নেতৃত্ব দিতে চাই।”

Advertisement

কেরলের আসন্ন বিধানসভা নির্বাচনের অঙ্ক মাথায় রেখে এই সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। অবশেষে শশীর এমন বয়ান যে কংগ্রেসকে স্বস্তি দেবে তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, থারুর বহুদিন ধরেই বেসুরো। দলের একাধিক বক্তব্যের বিরোধিতা করেছেন তিনি। অপারেশন সিঁদুরের পর বিদেশে যে প্রতিনিধি দল গিয়েছিল কংগ্রেস হাই কমান্ডের আপত্তি সত্ত্বেও সেই দলের হয়ে সফর করেন তিরঅনন্তপুরমের সাংসদ। আবার ইদানিং কংগ্রেসের বৈঠকেও তিনি থাকেন না। শুধু তাই নয়, দলের বৈঠকে গরহাজির থেকে তিনি গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ শুনতে।

এর মধ্যেই সদ্য কেরল সফরে গিয়েছিলেন রাহুল। সেখানে কেরল কংগ্রেসের সব শীর্ষ নেতাই কমবেশি গুরুত্ব পেয়েছেন। কিন্তু চারবারের সাংসদ তথা রাজ্য কংগ্রেসের জনপ্রিয় মুখ শশী কোনও কর্মসূচিতেই ডাক পাননি। তাতে থারুর অপমানিত বোধ করছেন বলে মনে করা হচ্ছিল। ফলে সব মিলিয়ে জল্পনা তৈরি হচ্ছিল, হয়তো কেরলের নির্বাচনের আগেই পদ্ম শিবিরে যোগ দেবেন শশী!


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ