শেষ মুহূর্তের প্রস্তুতি মাধ্যমিক : ২০২৬ বিষয় : জীবন বিজ্ঞান / ডঃ কমল কৃষ্ণ দাস
*শেষ মুহূর্তের প্রস্তুতি মাধ্যমিক : ২০২৬*
*বিষয় : জীবন বিজ্ঞান*

ডঃ কমল কৃষ্ণ দাস
শিক্ষক,ওল্ড মালদা কালাচাঁদ উচ্চ বিদ্যালয়
জোর কদমে ঘড়ির কাঁটা ছুটছে। বাড়ছে টেনশ্যন। খুব স্বাভাবিক। জীবনের প্রথম সরকারী পরীক্ষার আগে সবার এমনটা আগেও হয়েছে ও পরেও হবে। এখন মাথা ঠান্ডা রেখে ও শীতের মায়াবী অলসতা দূরে সরিয়ে রেখে ছোট ছোট কয়েকটি কাজ যারা এই ক’টা দিন সেরে নিতে পারবে তারা নিশ্চিতভাবেই বাজিমাত করবে।
জীবন বিজ্ঞান প্রশ্নের ক্ষেত্রে প্রথমেই ছবির প্রশ্নের ব্যাপারটা চলে আসে। ২০২৬-এর সম্ভাব্য ছবির প্রশ্ন হল নিউরোণ, পাশাপাশি উদ্ভিদ ও প্রাণী কোষের প্রফেজ, মেটাফেজ ও টেলোফেজ দশার ছবিও ততোধিক গুরুত্বপূর্ণ।
ছবি আঁকার ক্ষেত্রে নূতন ইরেজার, টু-বি ও থ্রি-বি পেন্সিল ব্যবহার করবে। চেষ্টা করবে একবারে আঁকতে। পয়েন্টিং-এর ক্ষেত্রে যেন দাগগুলি ওভার-ল্যাপ না করে, ব্যস তাহলেই আর পাঁচ নম্বর কেউ আটকাতে পারবে না।
পাঁচে পাঁচ পেতে হলে উপরোক্ত ছবিগুলো না দেখে আঁকা ও চিহ্নিত করণের কাজ অভ্যেস করতে শুরু করে দাও।

বিভাগ-ক এর সমস্ত প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে সঠিক উত্তরের ক্রমিক সংখ্যা অবশ্যই লিখবে।
শেষ পাঁচ বছরের মাধ্যমিক পরীক্ষার সব প্রশ্নের উত্তরগুলো রপ্ত করে নিয়েছে নিশ্চয়ই।
নিয়মিত ব্যবধানে প্রশ্ন বিচিত্রা বা টেস্ট পেপার থেকে যে পরীক্ষাগুলো দিয়েছো সেগুলো সংশোধন একেবারে সামনে রেখে দাও। বিশেষ বিশেষ পয়েন্টগুলো অবশ্যই হাইলাইটার বা তলায় দাগ দিয়ে রেখেছো, সেগুলো আরেকবার করে ঝালিয়ে নেবে। লাস্ট মিনিটের প্রস্তুতি তো এগুলোই।
ব্যস এটুকুই। সারা বছর পড়াশোনা করেছ। অত ঘাবড়ে যাওয়ার কোনও কারণ নেই। রেজাল্ট ভাল হবেই, সঙ্গে সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি।

