বোমাতঙ্কের কারণে দিল্লি থেকে বাগডোগরা যাওয়ার পথে লখনউয়ে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের
দিল্লি থেকে বাগডোগরা যাওয়ার পথে ইন্ডিগো সংস্থার বিমানের জরুরি অবতরণ লখনউয়ে। বোমাতঙ্কের কারণে রবিবার সকালে লখনউয়ে জরুরি ইন্দিগো বিমানটি অবতরণ করে বলে জানা গেছে,তাতে ২৩৮ জন যাত্রী ছিল।
লখনউয়ের এসিপি (অ্যাসিসট্যান্ট কমিশনার) রজনীশ বর্মা জানিয়েছেন, বিমানের শৌচালয়ে একটি টিস্যু পেপার মেলে, যাতে লেখা ছিল, ‘বিমানে বোমা রয়েছে’। তা দেখার পরে আতঙ্ক ছড়ায় বিমানে। দিল্লি থেকে বাগডোগরা যাওয়ার সময়ে মাঝ-আকাশে সেই টিস্যু কাগজ উদ্ধার হয়। বিমানটিকে তড়িঘড়ি লখনউ বিমানবন্দরে অবতরণ করানো হয়। সেখানে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয় সেটিকে। যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এসিপি বর্মা জানিয়েছেন, বিমানে শুরু হয় তল্লাশি। লখনউ বিমানবন্দরে বিমানটি যেখানে রাখা হয়েছে, সেখানে পৌঁছেছে বোমা নিষ্ক্রিয়কারী দল এবং সিআইএসএফ। তারা তদন্ত করে দেখছে। যাত্রীদেরও পরীক্ষা করা হচ্ছে।

বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর নাভেদ নিজাম বলেন, ‘‘দিল্লি থেকে বাগডোগরার উদ্দেশ্যে একটি বিমান আসছিল, সেটিকে লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে।’’
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিমানে ২৩০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে আটটি শিশু। দু’জন পাইলট এবং ছ’জন কর্মী সওয়ার ছিলেন। লখনউ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা রবিবার সকাল ৮টা ৪৬ মিনিট নাগাদ বোমাতঙ্কের খবর পান। ৯টা ১৭ মিনিটে অবতরণ করানো হয় সেটি।

