হুগলির দাদপুর পুইনানে বিশ্ব ইজতেমার সকল প্রস্তুতি সম্পূর্ণ
শেখ সিরাজ : হুগলি জেলার পোলবা ব্লকের দাদপুর পুইনানের বিশ্ব ইজতেমায় ৩০শে ডিসেম্বর মঙ্গলবার লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লী ইতিমধ্যেই ময়দানে সমবেত হয়েছেন। আর মাত্র ২ দিন বাকি । ২রা জানুয়ারি শুক্রবার , ৩ জানুয়ারি শনিবার, ৪ জানুয়ারি রবিবার এই তিন দিন মূল অনুষ্ঠান হবে। ৫ই জানুয়ারি সোমবার ফজরের নামাজের পর দোয়া ও আখেরি মোনাজাত করে ইস্তেমা সমাপ্ত হবে। দাদপুর পুইনানের বিশ্ব ইজতেমার কর্তৃপক্ষরা জানালেন যে, মূল রাস্তা থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে ৫০০ বিঘা জমির উপরে মঞ্চ তৈরি হয়েছে।
কলকাতা থেকে প্রায় 40 কিলোমিটার ও বর্ধমান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এবং ধনিয়াখালি হল্ট স্টেশন থেকে আট কিলোমিটার এবং চুঁচুড়া স্টেশন থেকে প্রায় 18 কিলোমিটার দূরে চুঁচুড়া তারেকেশ্বর 17 নম্বর বাস রুটের পুইনানের দক্ষিণ পাশে এই মহান বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের কাছে জানা যায়, হুগলি জেলা ছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা ও এ রাজ্যের বাইরে থেকে দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, প্রভৃতি রাজ্য থেকে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ এখানে আসবেন। ভারতের বাইরে থেকেও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কুয়েত, ইরান, তুরস্ক, সৌদি আরব, আফগানিস্তান প্রভৃতি দেশ থেকে প্রায় ২০ থেকে ২৫ হাজার ধর্মপ্রাণ মুসুল্লিরা এ ইজতেমায় আসছেন বলে জানা গেল। ৩০ শে ডিসেম্বর মঙ্গলবার বিশ্ব ইজতেমা কে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ডি , এম , বি , এইচ ইনস্টিটিউটে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, জনস্বাস্থ্য কারিগর দপ্তরের মন্ত্রী পুলক রায়, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র, হুগলির ডিএম খুরশিদ আলী কাদেরী, এসপি কামনা শীষ সেন, দাদপুর থানার ওসি মুন্সি হামিদুর রহমান, হাওড়ার জিআরপি ডি, ওয়াই,এস, আর, পি গোবিন্দ বিশ্বাস, বিশ্ব ইজতেমার হুগলির প্রধান কর্মকর্তা হাজী কামরুল হুদা সহ বিশিষ্টজন দাদপুরে ডিএম বি এইচ ইনস্টিটিউটে চূড়ান্ত বৈঠকে উপস্থিত ছিলেন। হুগলির দাদপুর পুইনানের বিশ্ব ইজতেমায় ফায়ার ব্রিগেডের গাড়ি ও কর্মী এবং অফিসারগণ ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। ইশতেমা স্থলে পানীয় জলের ব্যাপক সুব্যবস্থা রয়েছে। স্বাস্থ্যপরিসেবার জন্য দশটি শয্যাসহ বহু ক্যাম্প করা হয়েছে। হুগলি থেকে সাদ্দাম হাসান নাসের, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থেকে শেখ জাফর, আসামের শিলচর থেকে তালহা খান, ডানকুনি থেকে শেখ নঈম প্রমুখর সাথে কথা হল।
সকলেই জানালেন, ইতিপূর্বে এত বড় বিশ্ব ইজতেমার অনুষ্ঠান হয়নি। প্রায় ৩২ বছর পরে পশ্চিমবঙ্গে হুগলি দাদপুর পুইনানে এই বিশ্ব ইজতেমা হচ্ছে। এই বিশ্ব ইজতেমাকে ঘিরে এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।। হুগলির দাদপুর পুই নানের এই বিশ্ব ইজতেমা ধর্মীয় শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

