সংসদে হারের হতাশা প্রকাশ করবেন না কংগ্রেসকে কটাক্ষ নরেন্দ্র মোদীর
বাংলার জনরব ডেস্ক : নাম না করে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভবে সংসদ নাটক করার জায়গা নয় এবং হারের হতাশা প্রকাশ করার জায়গা নয় বলে কটাক্ষ করলে তা নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়ে গেছে।
দিল্লি বিস্ফোরণ, এসআইআর, বিএলওদের আত্মহত্যার মতো নানা ইস্যুতে উত্তপ্ত হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তাই সংসদের অন্দরে পরিস্থিতি উত্তাল হওয়ার আগেই ‘রণংদেহি’ মূর্তি ধারণ করলেন প্রধানমন্ত্রী স্বয়ং। প্রথামাফিক ভাষণ দিতে এসে সটান বিরোধীদের আক্রমণ করে বসলেন। মোদির কথায়, বিহার নির্বাচনের ফলপ্রকাশের পর তো বেশ কিছুদিন কেটে গিয়েছে। কিন্তু বিরোধীরা শান্ত হতে পারেনি। হার হজম করতে পারেনি।

ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, “যারা নাটক করতে চায়, করতেই পারে। কিন্তু এটা নাটকের জায়গা নয়, কাজের জায়গা। এখানে স্লোগান নয়, নীতির প্রতি জোর দিতে হবে। দেশ গড়ার জন্য ইতিবাচক মানসিকতার দরকার হয়। আমি অনুরোধ করব, নেতিবাচক বিষয়গুলি কমিয়ে সকলে যেন দেশ গঠনের লক্ষ্যে জোর দেন। হারের ভয়টা যেন তর্কের কারণ হয়ে না ওঠে।”
বিরোধীদের দায়িত্ব মনে করিয়ে দিয়ে মোদি বলেন, “এই সংসদ দেশের কথা ভাবে। বিরোধীদেরও উচিত এই মর্মে প্রশ্ন তোলা, কঠিন প্রশ্ন করা। হারের ভয় কাটিয়ে উঠতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু দল হার হজমই করতে পারে না।” মোদির মতে, যেসব সাংসদরা নতুন নির্বাচিত হয়েছেন, তাঁদের বেশি করে সুযোগ দেওয়া উচিত মতামত প্রকাশ করার জন্য।

