বঙ্গভূমি সাহিত্য পত্রিকার বার্ষিক অনুষ্ঠানে উদযাপিত হলো কথা সাহিত্যিক সেখ আব্দুল মান্নান এর জন্মদিন
সংবাদদাতা, বাংলার জনরব: গত ২রা নভেম্বর ২০২৫ রবিবার কলকাতা বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজে কবিতা, গান, নৃত্য, আলোচনা, গুণিজন সংবর্ধনায় সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ‘ বঙ্গভূমি সাহিত্য পত্রিকা’র বাৎসরিক অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ সহ অসম, ত্রিপুরা, উড়িষ্যা থেকে আগত কবি-সাহিত্যিক, ইতিহাসবিদ, গবেষক,শিল্পীদের সমাবেশে সমগ্র অনুষ্ঠানটি বাঙ্ময় হয়ে ওঠে। দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনের মধ্যে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সাহিত্যিক ড. পবিত্র সরকার, ইতিহাসবিদ ড. সর্বজিৎ যশ, বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ ড. অর্ঘ্য সরকার, প্রণব কুমার নাথ, ইতিহাসবিদ ড. মহীতোষ গায়েন, জি বাংলা খ্যাত খোল বাদক ঋতব্রত মন্ডল, বিশিষ্ট লেখিকা ড. দীপ্তি মুখার্জী, ড. নীহার রঞ্জন দেবনাথ (অসম), প্রণব কুমার নাথ (অসম), মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট রবীন্দ্র গবেষক ড. রেশমা খাতুন, গবেষক প্রণয় নাথ (ত্রিপুরা), রাজদীপ নাথ (ত্রিপুরা), সংস্থার সভাপতি সাহিত্যিক দেব নারায়ন দাস প্রমুখ।
বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও বঙ্গীয় সাহিত্য পত্রিকার বিশেষ সংকলন ‘আরোহী’র আনুষ্ঠানিক আবরণ উন্মোচনের পর নির্ধারিত অনুষ্ঠানাদিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান মঞ্চ। উল্লেখ্য নান্দনিক সংকলনটি যুগ্মভাবে সম্পাদনা করেন ড. সহদেব দোলুই ও অর্ণব দত্ত।

অনুষ্ঠানে এক ঝাঁক কবির স্বরচিত কবিতা পাঠ এবং কবিদের আরোহী, অন্নদাশঙ্কর রায় ও রবীন্দ্র স্মৃতি সম্মান সহ বিবিধ সম্মানে সম্মানিত করা হয়। এছাড়া গুণিজন সংবর্ধনায় সংবর্ধিত হন বেশ কয়েকজন শিল্পী, সাহিত্যিক, সমাজসেবী। যাঁদের মধ্যে ছিলেন সাহিত্যিক ডা. সিরাজুল ইসলাম ঢালী, কবি আঞ্জু মানোয়ারা আনসারী, লেখিকা সৈয়দ সেরিনা, কবি দীপঙ্কর পোড়েল।
এদিন অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন শ্রীনিধি সামন্ত, সান্ত্বনা তরফদার, পীযূষ রায়, নৃত্য পরিবেশন করেন বনবীণা মুখোপাধ্যায় ও সুজন দে। একাঙ্ক নাটক পরিবেশন করেন ডালিয়া রায়।
এদিন দিনব্যাপী অনুষ্ঠানের উল্লেখনীয় দিক ছিল ২রা নভেম্বর দুজন সাহিত্যিকের জন্মদিন সানন্দে উদযাপন। যার মধ্যে এদিন ছিল কথা সাহিত্যিক সেখ আব্দুল মান্নান এর শুভ জন্মদিন।উদ্যোক্তাদের তরফে সেখ আব্দুল মান্নান কে মিষ্টি মুখ করিয়ে তাঁর হাতে তুলে দেন রবীন্দ্র স্মৃতি সম্মান।

