এস আই আর ষড়যন্ত্রের অংশ দাবি করে মঙ্গলবারে কলকাতায় মহা মিছিল করছেন মমতার অভিষেক!
বাংলার জনরব ডেস্ক : এস আই আর এর বিরুদ্ধে রাস্তায় নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এস আই আর আসলে বিজেপি ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ তুলে রাজ্যের শাসকদল পথে নামার সঙ্গে সঙ্গে এই রাজ্যে বিধানসভার দামামা বেজে গেল বলে মনে করা হচ্ছে। জানা গেছে ৪ নভেম্বর থেকে রাজ্যজুড়ে এসআইআর শুরু হচ্ছে বাড়ি বাড়ি বিএলওরা যাবেন ফরম দিতে। আর ওই দিনই কলকাতায় মিছিল করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওইদিন দুপুর দেড়টা নাগাদ ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হবে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত পদযাত্রায় মমতা-অভিষেকের সঙ্গে মিছিলে হাঁটবেন দলীয় সাংসদ, কাউন্সিলররাও। ইতিমধ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে নাম বাদ যেতে পারে, স্রেফ এই আশঙ্কায় রাজ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে দাবি তুলেছে পরিবারগুলি। এনিয়ে গোড়া থেকে সোশাল মিডিয়ায় বিজেপিকে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো। এবার পথে নেমে আরও বড় প্রতিবাদ সংগঠিত করতে চলেছেন তাঁরা।
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই বাংলা-সহ ১২ রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এই পদক্ষেপ নিয়ে বরাবর বিরোধিতা করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তাদের আশঙ্কা, এসআইআরের নামে বৈধ ভোটারদের নাম বাদ যেতে পারে। এটাই বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ তৃণমূল নেতাদের। এবিষয়ে জনতাকে সতর্ক করার পাশাপাশি আগামী ৪ নভেম্বর থেকে রাজ্যজুড়ে হেল্পডেস্ক চালু করছে তৃণমূল। শুক্রবার বিএলএ-দের নিয়ে ভারচুয়াল বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। একমাস ধরে ৬২০০টি হেল্পডেস্ক চলবে। এসআইআরের ফর্ম পূরণ বা অন্য কোনও সমস্যা হলে হেল্পডেস্ক থেকে সাহায্য করা হবে।

আর তাৎপর্যপূ্র্ণভাবে ওই দিনই পথে নেমে বিজেপির ‘ষড়যন্ত্রে’র বিরোধিতায় সরব হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর দেড়টায় ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল হবে তাঁদের নেতৃত্বে। পা মেলাবেন দলীয় সাংসদ, কাউন্সিলররার। মিছিল শেষে ফের জনতার উদ্দেশে গুরুত্বপূর্ণ কোনও বার্তা দিতে পারেন মমতা-অভিষেক।

