জেলা 

কর্নাটকে নিহত পরিযায়ী শ্রমিকদের পরিবারের সাথে সাক্ষাৎ করলো এসডিপিআই প্রতিনিধি দল

শেয়ার করুন

২০ অক্টোবর ২০২৫, মুর্শিদাবাদ: কর্ণাটকে কর্মরত অবস্থায় গ্যাস সিলিন্ডারে আগুন লেগে প্রাণ হারানো মুর্শিদাবাদের সাতজন পরিযায়ী শ্রমিকের পরিবারের সাথে সাক্ষাৎ করলেন সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা। রবিবার বহরমপুর ও হরিহরপাড়া থানার অন্তর্গত বিভিন্ন গ্রামে নিহতদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান দলের প্রতিনিধি দল।

 

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এসডিপিআই-এর জাতীয় সম্পাদক তায়েদুল ইসলাম, রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সাধারণ সম্পাদক আসিব সেখ, হরিহরপাড়া বিধানসভা সভাপতি মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃত্ব।

Advertisement

উল্লেখ্য, ৬ অক্টোবর বেঙ্গালুরুর বার্ডি করামানি এলাকায় ভাড়া নেওয়া ঘরে গ্যাস লিক থেকে আগুন লাগে। এতে মুর্শিদাবাদের সাতজন শ্রমিক— মিনারুল শেখ, তাজিবুল শেখ, হাসান মোল্লিক, জাইবুর শেখ, সাফিজুল শেখ, নূর জামাল শেখ (নাগরজোল পাঁচ পীরতলা, বহরমপুর) এবং জাহিদ আলি খান (খিদিরপুর, হরিহরপাড়া)— গুরুতর দগ্ধ হন। তারা সবাই রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন। চিকিৎসাধীন অবস্থায় ১০ অক্টোবর তাঁদের মৃত্যু হয়। নিহতদের বয়স ছিল ২৫ থেকে ৩১ বছরের মধ্যে।

এদিন পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম গভীর শোক প্রকাশ করে বলেন— এক সময়ের বাংলা, বিহার ও ওড়িশার রাজধানী মুর্শিদাবাদ আজ পরিযায়ী শ্রমিক তৈরির কারখানায় পরিণত হয়েছে। পরিকল্পিতভাবে এই জেলাকে ও রাজ্যকে কর্মসংস্থানহীন করে দেওয়া হয়েছে। রাজ্যে কাজের অভাব নেই, কিন্তু সরকার শিল্প নয়— ধর্মের রাজনীতিতে ব্যস্ত। যেখানে প্রয়োজন ছিল কলকারখানার ঘোষণা, সেখানে সরকারি কোষাগার থেকে একের পর এক মন্দির নির্মাণের ঘোষণা হচ্ছে। বাংলার মানুষ সামান্য ভাতা পেয়ে চুপ রয়েছে, অথচ তারা ধীরে ধীরে পুঁজিবাদের দাসে পরিণত হচ্ছে। সাধারণ মানুষ এর জবাব দেবে নির্বাচনের ময়দানে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ