রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআইয়ের আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত
বাংলার জনরব ডেস্ক : সারদা মামলায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে করা সিবিআইয়ের আবেদন বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। ফলে আপাতত স্বস্তি পেলেন ডিজিপি। তাঁর আগাম জামিন বহাল থাকছে।
সারদাকাণ্ডে ছ’বছর আগে আইপিএস অফিসার রাজীবকে আগাম জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে প্রমাণ লোপাট এবং তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছিল সিবিআই। রাজীবের বাড়িতে গেলে সিবিআই অফিসারদের সেখানে হেনস্থা করা হয় বলে অভিযোগ। সে সময়ে সিবিআই রাজীবের বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলাও করে। তাদের বক্তব্য ছিল, আদালত তদন্তে সহযোগিতার নির্দেশ দিলেও রাজীব তাতে বাধা দিয়েছেন। সেই মামলাটির শুনানি আট সপ্তাহ পরে হবে। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চে আগাম জামিনের মামলাটির নিষ্পত্তি করে দেওয়ার অনুরোধ জানান। কিন্তু আদালত তা মানেনি। সিবিআইয়ের আবেদন খারিজ করে মামলার নিষ্পত্তি করা হয়েছে।

রাজীবের মামলা নিয়ে শুক্রবার সলিসিটর জেনারেল বলেন, ‘‘এটা গুরুত্বপূর্ণ বিষয়। সিবিআইয়ের অফিসারদের হেনস্থা করা হয়েছিল। মহিলা অফিসারদেরও ছাড়া হয়নি। আমি কারও নাম নিচ্ছি না। তবে মিস্টার রাজীব, তাঁকে সকলে বাঁচাতে চাইছে। মুখ্যমন্ত্রী কী করেছিলেন, সকলেই জানে।’’ রাজীবের আইনজীবী বিশ্বজিৎ দে বলেন, ‘‘সিবিআই আগাম জামিন চেয়ে যে আবেদন করেছিল, তা বাতিল করে দিয়েছে আদালত। তবে আদালত অবমাননার বিষয়টি আট সপ্তাহ পরে শোনা হবে।’’
রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এটা কেন্দ্র রাজনৈতিক কারণে করছে। ওরা চাইছে বিষয়টি নিয়ে রাজনীতি করতে। এটা রাজনীতির বিষয় নয়। এই মামলা টিকবে কী করে? সারদাকাণ্ড তো আর্থিক তছরুপের মামলা। রাজীবের বিরুদ্ধে তো তেমন কোনও অভিযোগ নেই। আগে এলে আরও আগে উড়িয়ে দিতাম।’’

