জেলা 

উইম-এর মাদক ও নেশা বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হল ইসলামপুরে 

শেয়ার করুন

১৫ অক্টোবর ২০২৫, মুর্শিদাবাদ : আজ মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে ওমেন ইন্ডিয়া মুভমেন্ট (WIM)-এর রাণীনগর বিধানসভা কমিটির উদ্যোগে মাদক ও নেশা বিরোধী এক বৃহৎ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি ইসলামপুর নেতাজি পার্ক থেকে শুরু হয়ে ইসলামপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়, যেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি শবনম মুস্তারি বলেন, “নেশা শুধু একজন মানুষকেই ধ্বংস করে না, এটি ধ্বংস করে একটি পরিবার, একটি সমাজ, একটি প্রজন্মের ভবিষ্যৎ। নেশার কারণে যেমন ধর্ষণের ঘটনা বেড়েছে, তেমনই রোড এক্সিডেন্টের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।” তিনি দাবি করেন, “বিহার রাজ্যের মতো পশ্চিমবঙ্গকেও মাদকমুক্ত করতে হবে।”

Advertisement

তিনি আরও জানান যে, আজ ইসলামপুর থানায় ডেপুটেশন জমা দেওয়ার কথা থাকলেও পুলিশ কর্তৃপক্ষ কোনো কারণ না জানিয়ে তা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে, যা প্রশাসনের উদাসীনতার প্রমাণ বহন করে।

সমাবেশে দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সাধারণ সম্পাদিকা আয়েশা সিদ্দিকা বলেন, “আমরা এমন এক সমাজ গড়তে চাই যেখানে তরুণরা নেশায় নয় — শিক্ষায়, কর্মে ও মানবসেবায় যুক্ত থাকবে। মানুষ তার শক্তি ও প্রতিভা ব্যবহার করবে দেশ গঠনের কাজে, মানবতার কল্যাণে।”

রাণীনগর বিধানসভা কমিটির কোষাধ্যক্ষ রুমাইয়া খাতুন বলেন, “নেশার প্রভাবে আজ গ্রামের মহিলারা প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। অসংখ্য পরিবার ভেঙে পড়ছে, সমাজে অস্থিরতা বাড়ছে। তাই প্রশাসনের উচিত অবিলম্বে মদের লাইসেন্স প্রদান বন্ধ করা এবং নেশা বিস্তারের সমস্ত পথ রুদ্ধ করা।”

এছাড়াও নেশা মুক্ত সমাজ গড়তে সমাজের মানুষকে এগিয়ে আসতে আহবান করেন রানীনগর বিধানসভা সম্পাদিকা সাইরিন আখতার বানু। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন SDPI রাণীনগর বিধানসভা কমিটির সভাপতি ইব্রাহিম শেখ সহ অন্যান্য নেতৃত্ব।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ