বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোট ক্ষমতায় আসবে না দাবি প্রশান্ত কিশোরের
বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে ‘পরাজয়’ হবে এনডিএ-র এই দাবি করলেন জন সুরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোর। তিনি আরও মনে করেন নীতীশ কুমারের দল জেডিইউ ২৫টি আসন জিততেও চাপে পড়বে। তাঁর কথায়, ‘‘বিহার থেকে বিদায় নেবে এনডিএ। মুখ্যমন্ত্রী হিসাবে আর ফিরে আসবেন না নীতীশ কুমার।’’
কেন এনডিএ-র জেতার সম্ভাবনা নেই বলে মনে করছেন পিকে? তাঁর দাবি, ‘‘জেডিইউ-র ভবিষ্যৎ কী হবে, তা বোঝার জন্য আপনাকে এক জন বিশ্লেষক হওয়ার প্রয়োজন নেই। গত বিধানসভা ভোটে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার কয়েক দিন আগেই চিরাগ পাসোয়ান বিদ্রোহ ঘোষণা করেছিলেন। নীতীশের দলের প্রার্থীদের বিরুদ্ধেই প্রার্থী দিয়েছিল চিরাগের দল। তার ফলে নীতীশের দলের বিধায়ক সংখ্যা নেমে আসে ৪৩-এ। ’’ প্রশান্তের আরও দাবি, বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র কোনও উন্নতি হয়নি। আরজেডি এবং কংগ্রেসের মধ্যে চলছে এক অন্তহীন দ্বন্দ্ব। ফলে নির্বাচনে বিরোধী জোট কেমন ফল করবে, তা নিয়ে সংশয় রয়েছে বলে জানান পিকে।

নির্বাচন কমিশন গত ৬ অক্টোবর নির্ঘণ্ট ঘোষণা করে জানিয়েছে, এ বার বিহারের ২৪৩টি বিধানসভা আসনে দু’দফায় ভোট হবে। প্রথম দফার নির্বাচন হবে ৬ নভেম্বর। ওই দফায় ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ১০-১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমার পর তা পরীক্ষা হবে ১৮ অক্টোবর। প্রথম দফার ভোটের প্রার্থীরা নাম প্রত্যাহার করতে পারবেন ২০ অক্টোবর পর্যন্ত। ১১ নভেম্বর দ্বিতীয় দফায় মোট ১২২টি আসনে ভোটগ্রহণ হবে। ওই দফার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৩ অক্টোবর। ২০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। ২৩ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা চাইলে নাম তুলে নিতে পারবেন। ভোটগণনা হবে ১৪ নভেম্বর।

