বিজেপিতে বড় ভাঙন, চারবারের সাংসদ প্রাক্তন রাজ্য সভাপতি দল ছাড়লেন, সঙ্গে আরও হেভিয়েট নেতারা
বিশেষ প্রতিনিধি : অসম বিজেপিতে বড় ভাঙন। চারবারের সাংসদ এবং মোদি মন্ত্রিসভার প্রাক্তন সদস্য। অসম প্রদেশ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দল ছাড়লেন। আর মাত্র কয়েক মাস পরেই এই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সময় দাঁড়িয়ে অসম বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা প্রাক্তন আর এস এস নেতা এবং আদি বিজেপি বলে পরিচিত এই প্রাক্তন সাংসদের দলত্যাগ নিঃসন্দেহে বিজেপির কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
তিন দশকের বেশি সময় ধরে অসম বিজেপির ভরসা ছিল প্রাক্তন সাংসদ রাজেন গোহেন। ২০১৬ সালে মোদি মন্ত্রিসভার সদস্য হন। ২০১৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবুও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তাঁর জেতা-সিট নগাঁও থেকে টিকিট দেয়নি দল। তারপর ২০২৪ সালেও আর তিনি ভোটে লড়েননি। এরপর থেকেই স্পষ্ট হচ্ছিল দলের সঙ্গে দূরত্বটা। অবশেষে বিজেপির সদস্যপদ ও দলের দেওয়া সমস্ত দায়িত্ব ত্যাগ করলেন রাজেন গোহেন। বহুদিন ধরেই হিমন্ত বিশ্বশর্মা শিবিরের সঙ্গে পার্থক্যটা স্পষ্ট হচ্ছিল। অবশেষে ১৭ জনকে সঙ্গে নিয়ে দল ছাড়লেন অসমের পদ্মশিবিরের হেভিওয়েট নেতা রাজেন গোহেন।

অসমে বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন দক্ষ হাতে। চার বার লোকসভা নির্বাচনে জয় পেয়েছেন। সেই ৭৪ বছর বয়সী নেতা বৃহস্পতিবার বিকেলে গুয়াহাটিতে দলের রাজ্য সদর দফতরে পাঠিয়ে দিলেন দলত্যাগ পত্র। সঙ্গে তাঁর ১৭ জন সমর্থকের পদত্যাগপত্রও পৌঁছল। তাঁর পদত্যাগেই স্পষ্ট অসমে আদি ও নব্য বিজেপির টানাপোড়েন। পদত্যাদের পরই তিনি জানান, “আমরা এই দলে যোগদান করিনি যাঁরা বর্তমানে ক্ষমতায় আছেন। আমরা অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর যোশী এবং অন্যান্য প্রবীণ নেতাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে যোগদান করেছি। কিন্তু (এখন) পরিস্থিতি এমন যে অন্যান্য দল থেকে লোক আনার পর, যারা তাদের জীবনের সেরা সময় বিজেপিকে দিয়েছেন তাদের সরিয়ে রাখা হয়েছে” ।

