নিজেকে মেলে ধরতে নিরলস পরিশ্রমের বিকল্প কিছু নেই, কিশোরমতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বললেন গুণীজনরা
বিশেষ প্রতিনিধি : উত্তরবঙ্গের বেস আন-নূর মডেল স্কুল সহ বেশ কয়েকটি আবাসিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে শনিবার অনলাইনে আয়োজন করা হয়েছিল বিশেষ এক অনুষ্ঠানের। বিষয় ছিল, বড় হওয়ার আকাঙ্ক্ষা লালন করো ছোট থেকে, তবেই পূরণ হবে স্বপ্ন। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা সকলেই জোর দেন নিরলস পরিশ্রমের। অনুশীলনের মাধ্যমে পরিশিলিত হতে পারে যে কোন কাজ। যুগে যুগে বারে বারে তা প্রমাণিত হয়েছে। সফলতার রহস্য লুকিয়ে আছে এখানেই। ক্ষমতা সকলের মধ্যেই আছে, চাই সেই ক্ষমতার যথাযথ বিকাশ সাধন। আর তার জন্য চাই অনুশীলন আর কঠোর পরিশ্রম।
শনিবার সান্ধ্যকালীন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞানী অধ্যাপক মতিয়ার রহমান খান, বিশিষ্ট ইঞ্জিনিয়ার ও কর্পোরেট প্রশান্ত ভট্টাচার্য, ডক্টর কালাম এডুকে এডমিশনের কর্ণধার ও বিশিষ্ট ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম, বেস আন-নূর মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী খাদেমুল ইসলাম, ধী লার্ন অ্যাকাডেমির কর্ণধার ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব পান্থ মল্লিক প্রমুখ।

অনুসন্ধান সোসাইটির এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী। প্রত্যেককে শুভেচ্ছা জানান সম্পাদক গৌরাঙ্গ সরখেল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নায়ীমুল হক।

