অষ্টমীর রাতে হাওড়ায় শুট আউট মৃত এক
বাংলার জনরব ডেস্ক : অষ্টমীর রাতে অর্থাৎ মঙ্গলবার রাতে হাওড়া থানার বনবিহারী বোস লেনে শুট আউট যার জেরে বিহারের এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত ব্যক্তির নাম সুরেশ যাদব তার বাড়ি বিহারের পাটনায়। তিনি কয়েকদিন আগে হাওড়ায় এসেছিলেন।
জানা গিয়েছে, মৃত সুরেশ বিহার পাটনার বাসিন্দা। গত কয়েকদিন আগেই হাওড়ায় এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন তিনি। শুধু তাই নয়, সুরেশের বিরুদ্ধে একাধিক অপরাধের মামলা রয়েছে। এমনকী বিহারের জেলে ৭ থেকে ৮ বছর ছিল বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। পুলিশের অনুমান, পুরনো কোনও শত্রুতা থেকেই এই খুনের ঘটনা ঘটেছে। ঘটনার পিছনে বিহারের গ্যাং থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে। এই বিষয়ে আরও গভীরে গিয়ে খতিয়ে দেখতে শুরু করেছ পুলিশ।

জানা গিয়েছে, বিহারের পাটনার বাসিন্দা ওই ব্যক্তি মঙ্গলবার অর্থাৎ অষ্টমীর রাতে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সেই সময় আচমকাই ৫ থেকে ৬ জন যুবক বাইকে করে গিয়ে সুরেশকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়, হাওড়া থানার পুলিশ। হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থল খতিয়ে দেখেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
হাওড়ায় সুরেশ কেন এসেছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ। যে আত্মীয়ের বাড়িতে উঠেছিল তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। অন্যদিকে বাইকে চেপে যে সমস্ত আততায়ী এসেছিল তাঁদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।

