সাতকড়ি বঙ্গ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন
বিশেষ প্রতিনিধি : অগ্নিযুগের বিপ্লবী সাতকড়ি বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত দক্ষিণ ২৪ পরগনার মালঞ্চে সাতকড়ি বঙ্গ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সাড়ম্বরে উদযাপিত হল বুধবার। অনুষ্ঠানের শুভ সূচনা হয় বিপ্লবী সাতকড়ি বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্য দান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। সাতকড়ি বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন সংগ্রামী এবং সশস্ত্র বিপ্লবী। ছাত্র অবস্থায় থেকেই তিনি বিপ্লবী আন্দোলনের দিকে ঝুঁকে পড়েছিলেন।
হরিণাভি স্কুলের ছাত্র ছিলেন তিনি। ১৯০৫ সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর ‘অপরাধে’ মানবেন্দ্রনাথ রায়ের সাথে স্কুল থেকে বহিষ্কৃত হতে হয়। এরপর তিনি যুগান্তর দলের প্রবীণ বিপ্লবীদের সংস্পর্শে আসেন। তিনি যুগান্তর দলের পররাষ্ট্র বিভাগের দায়িত্বে ছিলেন। যুগান্তরের বারুইপুর শাখার নেতা থাকাকালে শহীদ কানাইলাল ভট্টাচার্যের স্থানীয় গুরু ছিলেন তিনি। বারবার কারারুদ্ধ হওয়ায় খুব দ্রুত স্বাস্থ্যের অবনতি হয় তাঁর এবং ১৯৩৭ সালে সাতকড়ি বন্দ্যোপাধ্যায় জেলেই অসুস্থ হয়ে মারা যান।

এদিন সাংস্কৃতিক মঞ্চে সুরস্রষ্টা আলোর পথযাত্রী সলিল চৌধুরীর জন্মশতবর্ষে তাঁকেও বিশেষভাবে শ্রদ্ধা জানানো হয়।
এদিনের অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক নিবেদন ছিলো নজরকাড়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাজগতের বিশিষ্ট সম্মানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

