চন্দ্রনাথ সিংহের জামিন,ইডি হেফাজতের আবেদন খারিজ
বাংলার জনরব ডেস্ক : রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহের জামিনের বিরোধিতা করে ই়ডি যে আর্জি জানিয়েছিল, তা খারিজ করে দিল আদালত। চন্দ্রনাথের জামিন আপাতত বহাল থাকছে। তবে আরও দু’দিন মন্ত্রীকে ইডি দফতরে হাজিরা দিতে হবে। কেন্দ্রীয় সংস্থার সঙ্গে তদন্তে সহযোগিতা করতে হবে।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথের নামে চার্জশিট জমা দিয়েছিল ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের পর তিনিই প্রথম মন্ত্রী, যাঁর বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে। কেন্দ্রীয় সংস্থা তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল।
Advertisement

কিন্তু গত ৬ সেপ্টেম্বর চন্দ্রনাথ বিচারভবনে ইডির বিশেষ আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন। ব্যক্তিগত বন্ডে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছিল। সেই সঙ্গে বীরভূমের বোলপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ককে কিছু শর্ত মানতেও বলেছিল আদালত।

