এস আই আর শুরু হচ্ছে দেশজুড়ে সেপ্টেম্বর মাসের মধ্যেই চূড়ান্ত প্রস্তুতি শেষ করতে নির্দেশ নির্বাচন কমিশনের
বিশেষ প্রতিনিধি : দেশজুড়ে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা সমীক্ষা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর)। আগামী অক্টোবর নভেম্বর মাস থেকে এই কাজ শুরু হবে বলে জানা গেছে। আর এই জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশের সমস্ত নির্বাচনী আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে সেপ্টেম্বরের মাসের মধ্যে চূড়ান্ত প্রস্তুতি শেষ করে ফেলতে হবে।
তাই ৩০ সেপ্টেম্বরের মধ্যে সিইও-দের প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে। সম্প্রতি দিল্লিতে সিইও-দের সঙ্গে বৈঠক করেছিল কমিশন। সেখানে তাঁদের এসআইআর-এর প্রস্তুতির কাজ শেষ করতে ১০-১৫ দিন সময় দেওয়া হয়।

কমিশন নির্দেশ দিয়েছিল, গতবারের এসআইআর ধরে প্রতিটি রাজ্যের ভোটার তালিকা প্রকাশ করতে হবে। পশ্চিমবঙ্গ, দিল্লি-সহ কয়েকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ইতিমধ্যে সেই কাজ শেষ করে ফেলেছে। বাকিদেরও দ্রুত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে তারা। কমিশন জানিয়েছে, দিল্লিতে ২০০৮ সালে শেষ বার এসআইআর হয়েছিল। ২০০৬ সালে হয়েছিল উত্তরাখণ্ডে। এ ছাড়া দেশের বাকি রাজ্যগুলিতে ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে শেষ বার এসআইআর হয়েছিল।
কমিশন সূত্রে খবর, দিল্লিতে হওয়া ওই বৈঠকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার মূল লক্ষ্য হিসাবে জানানো হয়েছে, ভোটার তালিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাদ দেওয়া। এর জন্য প্রত্যেক ভোটারের জন্মস্থান যাচাই করা হবে।

