টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশের দমননীতি— রাজ্যের গণতন্ত্রবিরোধী চরিত্র আবারও উন্মোচন করলো: হাসিবুল ইসলাম
বিশেষ প্রতিনিধি : ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে আজ বিধাননগরের রাজপথে যে ভয়ঙ্কর দমননীতি চালানো হল, তা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। শান্তিপূর্ণ মিছিল শুরুর আগেই রাজ্য সরকার পুলিশ নামিয়ে চাকরিপ্রার্থীদের উপর চড়াও হয়, নির্বিচারে লাঠিচার্জ ও ধরপাকড় চালানো হয়। একের পর এক প্রার্থীকে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। এই ঘটনার মাধ্যমে রাজ্য সরকার প্রমাণ করেছে, তারা শিক্ষিত বেকার যুবকদের কণ্ঠরোধ করতে বদ্ধপরিকর।
প্রাথমিক স্তরে ৫০ হাজার শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে। চাকরিপ্রার্থীরা রাজ্যের ভবিষ্যতের আশা নিয়ে ধৈর্য ধরে বসে আছেন, অথচ পর্ষদ ও সরকার সম্পূর্ণ উদাসীন। আজকের ঘটনাই দেখিয়ে দিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শিক্ষা ও কর্মসংস্থান প্রশ্নে কতটা জনবিরোধী ও নিষ্ঠুর।

এসডিপিআই এই দমননীতির তীব্র নিন্দা জানাচ্ছে এবং দাবি করছে—অবিলম্বে শূন্যপদে নিয়োগ কার্যকর করতে হবে, চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং যাঁদের অন্যায়ভাবে আটক করা হয়েছে, তাঁদের মুক্তি দিতে হবে। সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া যুবসমাজের ন্যায্য দাবির পাশে সর্বদা আছে।

