গণ বিদ্রোহে আগুনে ঝলসে মৃত নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী
নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরের মৃত্যু হয়েছে। গণবিক্ষোভের সময়ে তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ভিতরে আটকে পড়েছিলেন রাজ্যলক্ষ্মী। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। নেপালের স্থানীয় সংবাদমাধ্যমগুলি এই খবর জানিয়েছে।
গণবিদ্রোহের জেরে নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন কেপি শর্মা ওলি। তাঁর ব্যক্তিগত বাসভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এর পর একে একে নেপালের প্রাক্তন এবং বর্তমান একাধিক মন্ত্রীর বাড়়িতে আগুন দেয় উত্তেজিত জনতা। দেশের অর্থমন্ত্রীকে তাড়া করা হয় রাস্তার মাঝে। রেহাই পাননি প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ এবং তাঁর পরিবার। রাজধানী কাঠমান্ডুর ডাল্লু এলাকায় তাঁদের বাড়িতে মঙ্গলবারই আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সে সময় বাড়িতে ছিলেন রাজ্যলক্ষ্মী।

কিছু দিন আগে সমাজমাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেছিল নেপাল সরকার। তাকে কেন্দ্র করে দেশ জুড়ে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। পথে নামে নেপালের ছাত্র-যুবরা। সোমবার সেই বিক্ষোভে পুলিশ গুলি চালালে ১৯ জনের মৃত্যু হয়। এর পর বিক্ষোভ আরও বেড়ে গিয়েছিল। রাতে নিষেধাজ্ঞা তুলে নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হয় কেপি শর্মা ওলির সরকার। কিন্তু তাতে লাভ হয়নি। মঙ্গলবার সকাল থেকে ওলির পদত্যাগের দাবিতে বিক্ষোভ জোরালো হয়। বেলার দিকে ওলি ইস্তফা দেন। মনে করা হচ্ছে, তিনি দেশ ছেড়ে চলে যাবেন। আশ্রয় নিতে পারেন দুবাইতে।

