কলকাতা 

‘‘এসআইআর প্রক্রিয়ায় তিন-চার বছর সময় লাগে, দু’-তিন মাসে তা হয় না’’: মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পশ্চিমবাংলায় এসআইআর হবে তা নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন আগামীকাল দশই সেপ্টেম্বর দিল্লিতে জরুরি বৈঠকে মিলিত হচ্ছে এই রাজ্যের এস আই আর নিয়ে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুপুরে উত্তরবঙ্গ যাওয়ার আগেই বিমানবন্দরে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা সংশোধন নিয়ে তিনি মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, এই এসআইআর প্রক্রিয়া দু’-তিন মাসে শেষ হয় না। তা সম্পন্ন করতে তিন-চার বছর সময় লাগে।

সোমবার ভোটার তালিকার নথিতে আধার কার্ডকে জুড়তে বলেছে সুপ্রিম কোর্ট। সেই কথা উল্লেখ করে মমতা জানিয়েছেন, আধার কার্ডও এখন পরিচয়পত্র। যাঁর নেই, তিনি করিয়ে নেবেন। পাশাপাশি, নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বিষয়ে কোনও মন্তব্য করবেন না। কেন্দ্রীয় সরকার কিছু বললে তবেই মন্তব্য করবেন।

Advertisement

বিহারে ভোটার তালিকার এসআইআর নিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছে সে রাজ্যের বিরোধী দলগুলি। এ নিয়ে সরব হয়েছে তৃণমূলও। মঙ্গলবার কলকাতার নেতাজি সুভাষ বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা আবার জানান যে, তৃণমূল এসআইআরের বিরুদ্ধে। তাঁর কথায়, ‘‘এসআইআর প্রক্রিয়ায় তিন-চার বছর সময় লাগে। দু’-তিন মাসে তা হয় না।’’ সোমবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, বিহারে এসআইআরে ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করা যাবে। এই কথা উল্লেখ করে মমতা জানান, আধার কার্ডও এখন ‘আইডেন্টিটি’। তাঁর কথায়, ‘‘যাঁদের আধার কার্ড নেই, তাঁরা করিয়ে নেবেন।’’ ভোটার এপিক কার্ডকেও এই নথি হিসেবে গণ্য করা হোক বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার কলকাতা থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দেন মমতা। শিলিগুড়িতে উন্নয়নমূলক প্রকল্প নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রী জানান, শিলিগুড়িতে উন্নয়ন প্রকল্প নিয়ে বৈঠক রয়েছে। পাট্টা দেওয়া হবে। তাঁর কথায়, ‘‘বুধবার জলপাইগুড়ি যাব। ১১ হাজার পাট্টা তৈরি রয়েছে। সেগুলি দিয়ে দেব। পরশু ফিরে আসব কলকাতা।’’

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ