আজ দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
নায়ীমুল হক : চন্দ্রগ্রহণ নিয়ে সমাজে কুসংস্কারের অন্ত নেই। ছোটবেলায় আমরা প্রায় প্রত্যেকেই গল্পে শুনেছি, সূর্যকে যখন রাহু গিলে খায় তখনই ঘটে এই চন্দ্রগ্রহণ। শাঁক কাশা ঘন্টা বাজিয়ে রাহুর গ্রাস থেকে মর্তবাসীকে বাঁচাতেই নাকি এসবের আয়োজন। করোনা ভাইরাস তাড়াতেও এরকম থালা বাজানোর নিদান আমরা দেখেছি। মানুষ যাতে যুক্তির পথ ছেড়ে অন্ধকারে ডুবে থাকে, এসব তারই অপচেষ্টা। সহজে থালা বাজিয়ে মুক্তির পথ খুঁজতেই আমরা আগ্রহী বেশি, বিজ্ঞানের অন্বেষণ তো কঠিন কাজ। সহজেই যদি প্রাপ্তি যোগ হয়, তাহলে আর কী প্রয়োজন যুক্তি-বুদ্ধির প্রয়োগে!
আজ বরং থাক এসব কথাবার্তা। আসা যাক, আজ রাতের আকাশে আমাদের এখান থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (বা ‘ব্লাড মুন’) ঠিক কখন ঘটবে ? আর কেনই বা ঘটে।

ভারতের সময় অনুযায়ী, আজ রাত ৯টা ৫৮ থেকে গ্রহণ শুরু হবে। গ্রহণের বিভিন্ন পর্যায় ও তার সময় হল:
আংশিক গ্রহণ শুরু: রাত ৯:৫৮
পূর্ণগ্রাস শুরু: রাত ১১:০১
সর্বোচ্চ গ্রহণ: রাত ১১:৪২
পূর্ণগ্রাস শেষ: রাত ১২:২২ (৮ই সেপ্টেম্বর)
আংশিক গ্রহণ শেষ: রাত ১:২৬ (৮ই সেপ্টেম্বর)
মোট প্রায় ৩ ঘন্টা ২৮ মিনিট ধরে চলবে এই গ্রহণ। এর মধ্যে পূর্ণগ্রাস স্থায়ী হবে প্রায় ৮২ মিনিট, যা একে একটি দীর্ঘকালীন চন্দ্রগ্রহণে পরিণত করেছে। এই সময় পৃথিবীর ছায়ায় চাঁদ সম্পূর্ণ ঢেকে যায় অর্থাৎ চাঁদ তার কক্ষপথে, পৃথিবীকে প্রদক্ষিন করার সময়ে যখন পুরোপুরি পৃথিবীর ছায়ায় প্রবেশ করে, তখন তার উপর সাময়িক ভাবে সূর্যের আলো পড়ে না। ফলে উজ্জ্বল চাঁদ অন্ধকার হয়ে যায় সাময়িকভাবে, তামাটে-লাল আভায় উজ্জ্বল হয়ে ওঠে । তাই এদিনের চাঁদকে ‘ব্লাড মুন’ বলেও ডাকা হয়। এটাই হল সংক্ষেপে চন্দ্রগ্রহণের কারণ।

