রানাঘাটে নির্ধারিত প্রধানমন্ত্রীর সভা বাতিল! রহস্য?
বাংলার জনরব ডেস্ক : নরেন্দ্র মোদির সভা রানাঘাটে হওয়ার কথা ছিল আগামী ২০ সেপ্টেম্বর শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে গেল বলে জানা গেছে। আগামী বছর বিধানসভা নির্বাচনকে নজরে রেখে এ বছর ডিসেম্বরের মধ্যে এ রাজ্যে ১০টি সভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। তার মধ্যে তিনটি সভা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। চতুর্থ সভার দিনক্ষণও চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু বিজেপি সূত্রে খবর, দিল্লির নির্দেশে তা স্থগিত করা হয়েছে। কি কারনে হঠাৎ স্থগিত তা নিয়ে কিছু জানা যায়নি তবে দিল্লি থেকে স্পষ্ট করে জানানো হয়েছে ২০ সেপ্টেম্বর যে সভা হওয়ার কথা ছিল রানাঘাটে তা এখন হবে না!
পশ্চিমবঙ্গে বিজেপির ১০টি সাংগঠনিক বিভাগ রয়েছে। বিজেপি সূত্রে খবর, ডিসেম্বরের মধ্যে সেই ১০টি বিভাগেই প্রধানমন্ত্রীর একটি করে প্রশাসনিক এবং জনসভার কর্মসূচি রাখা হবে স্থির হয়েছিল। সেইমতো গত মে মাসে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জুলাইয়ে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং গত অগস্ট মাসে উত্তর ২৪ পরগনার দমদমে প্রশাসনিক সভা এবং জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

দলীয় সূত্রে খবর, চতুর্থ সভাটি হওয়ার কথা ছিল নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে। স্থির হয়েছিল, আগামী ২০ সেপ্টেম্বর সেই সভা হবে। কিন্তু মঙ্গলবারই দিল্লি থেকে রাজ্য বিজেপি নেতৃত্বকে প্রধানমন্ত্রীর কর্মসূচি স্থগিতের বিষয়টি জানানো হয়েছে।
বিধানসভা নির্বাচনকে নজরে রেখে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী মোদীর যে তিনটি কর্মসূচি হয়েছে, তিনটিতেই জনসভার পাশাপাশি প্রশাসনিক সভা হয়েছে। প্রশাসনিক সভা থেকে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আর জনসভায় প্রত্যাশিত ভাবেই রাজনৈতিক বার্তা।

