বিধানসভার অধিবেশনে হই হট্টগোল, শুভেন্দুকে সাসপেন্ড করল স্পিকার
বিধানসভায় অধিবেশন চলাকালীন ভারতীয় সেনা সম্পর্কে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্যে আপত্তি তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্রাত্যের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন তিনি। একে একে তাঁর সঙ্গে যোগ দেন অন্য বিজেপি বিধায়কেরা। অধিবেশনে হই হট্টগোল শুরু হয়। বার বার সতর্ক করার পরেও পরিস্থিতি না বদলানোয় শুভেন্দুকে এই অধিবেশনের জন্য সাসপেন্ড করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তার পরেই অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বিজেপি বিধায়কেরা।
সোমবার ধর্মতলার গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খোলার কাজ শুরু করে ভারতীয় সেনা। সেই ভাঙা মঞ্চে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই সেনার মঞ্চ সরানোর প্রতিবাদ করেন তিনি। এর নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে দাবি করেন মমতা। মঙ্গলবার অধিবেশনে ভাষণ দেওয়ার সময় সেনার সেই মঞ্চ খোলার প্রসঙ্গ তোলেন ব্রাত্য। শুধু তা-ই নয়, ওই ঘটনার সঙ্গে ১৯৭১ সালে ঢাকায় পাক সেনাবাহিনীর গুলি করার বিষয় তুলনা করেন তিনি। এতেই আপত্তি তোলেন শুভেন্দু-সহ অন্য বিজেপি বিধায়কেরা।

ব্রাত্য বলেন, ‘‘গতকাল (মঙ্গলবার) যখন সেনাবাহিনী আমাদের আন্দোলন মঞ্চ ভেঙে দিল, তখন মনে পড়ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকা শহরে পাক সেনাবাহিনীর গুলি করে হত্যার ঘটনার কথা।’’ শিক্ষামন্ত্রী আরও অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ভারতীয় সেনা তৃণমূলের মঞ্চ ভেঙেছে।

