কলকাতা 

বিশ্ববিদ্যালয়গুলি ছাত্র ভোট করছে না আদালতে দাবী রাজ্যের আইনজীবীর

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রভোট করাতে উদ্যোগী রাজ্য। কিন্তু কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিই ভোট করতে আগ্রহ দেখায়নি! মঙ্গলবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলার শুনানিতে এমনই দাবি করলেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যার প্রেক্ষিতে প্রায় ৩৬৫টি কলেজ এবং ১০টি বিশ্ববিদ্যালয়কে সংশ্লিষ্ট মামলায় পক্ষ (পার্টি) করার নির্দেশ দিল বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ।

দীর্ঘ দিন ধরে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়। মঙ্গলবার ওই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী কল্যাণ বলেন, ‘‘ছাত্রভোট করাতে কোথাও বাধা দেয়নি রাজ্য। এমনকি, ভোট করানোর জন্য সার্কুলার জারি করা হয়েছিল। কিন্তু কলেজগুলিই উদ্যোগী হয়নি।’’ পাল্টা মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, কোন কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলি এমনটা করছে, সে সম্পর্কে নির্দিষ্ট করে তথ্য দিক রাজ্য। তিনি বলেন, ‘‘আদালত এগুলো রেকর্ড করুক।’’ বস্তুত, তাঁদের দাবি, রাজ্যই ছাত্র সংসদের নির্বাচন বন্ধ রেখেছে। আর ভোট করানোর জন্য দায়বদ্ধ রাজ্যই। তাই ভোট না-হলে দায়বদ্ধ থাকতে হবে তাদেরই।

Advertisement

সমস্ত পক্ষের সওয়ালের পর হাই কোর্ট নির্দেশ দিয়েছে, এই মামলায় কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে পক্ষ করে মামলায় যুক্ত করতে হবে। আগামী নভেম্বর মাসে পরবর্তী শুনানি হবে।

উল্লেখ্য, ছাত্র সংসদের নির্বাচন নিয়ে জনস্বার্থ মামলা মামলাটি করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। একটি হলফনামা তুলে ধরে তিনি জানান, রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে কোনও ছাত্র সংসদের নির্বাচন হয়নি। অনেক কলেজে দীর্ঘ দিন ধরে নির্বাচন স্থগিত রয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ