উপ রাষ্ট্রপতি নির্বাচনে কাকে প্রার্থী বেছে নিল বিরোধী শিবির?
উপ রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থী বেছে নিল বিরোধী শিবির। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ও গোয়ার প্রথম লোকাযুক্ত বি সুদর্শন রেড্ডিকে প্রার্থী হিসাবে বেছে নিল I.N.D.I.A ব্লক। ৯ সেপ্টেম্বর রয়েছে উপ রাষ্ট্রপতি নির্বাচন। তাঁর বিপক্ষে থাকছেন NDA প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল তথা বিজেপির বর্ষীয়ান সিপি রাধাকৃষ্ণণ।
তৎকালীন অন্ধ্রপ্রদেশের রাঙ্গারেড্ডি জেলায় জন্মগ্রহণকারী সুদর্শন রেড্ডি ১৯৭১ সালে একজন আইনজীবী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে প্র্যাক্টিস করতেন। ১৯৯৫ সালে তিনি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং ২০০৫ সালে গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হন। বিশিষ্ট এই আইনবিদ ২০০৭ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন এবং ২০১১ সালের জুলাই মাসে অবসর গ্রহণ করেন। এরপর, তিনি গোয়ার প্রথম লোকায়ুক্ত হিসেবেও দায়িত্ব পালন করেন।

উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর সুদর্শন রেড্ডি সংবাদমাধ্যমে বলেন, ‘দেশের সব সাংসদের কাছে আমাকে সমর্থনের জন্য আবেদন করব। কোনও জ্য়োতিষে বিশ্বাস করি না। তবে যে কোনও নির্বাচনেরই ফলাফল আগাম বলা যায় না।’ উপরাষ্ট্রপতি নির্বাচনে এবার কি দক্ষিণ বনাম দক্ষিণ লড়াই হচ্ছে? সুদর্শন বলেন, ঘটনাচক্রে আমরা দুই প্রার্থীই দক্ষিণের। কিন্তু ভারত একটাই। আমরা প্রথমত ভারতীয়, শেষপর্যন্ত ভারতীয়।
ইন্ডিয়া ব্লকের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নাম উঠে আসছিল ইসরোর বিজ্ঞানী ময়লস্বামী আন্নাদুরাই ও মহাত্মাগান্ধী প্রপৌত্র তুষার গান্ধীর। শেষপর্যন্ত সুর্দশন রেড্ডিকেই এগিয়ে দিল ইন্ডিয়া ব্লক।
লোকসভায় এনডিএ-র সাংসদ রয়েছে ২৯৩ জন অন্যদিকে রাজ্যসভায় রয়েছে ১৩৩ জন সাংসদ। সংখ্য়ার ক্ষমতায় সহজেই নিজেদের প্রার্থীকে বের করে নিতে পারে এনডিএ, যদি কোনও অঘটব না ঘটে।
উল্লেখ্য, এনডিএর তরফে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে সি পি রাধাকৃষ্ণনকে।

