জেলা 

শিশুর সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে, পাইওনিয়ার মিশন আয়োজিত প্রাথমিক শিক্ষকদের কর্মশালায় বললেন দিব্য গোপাল ঘটক

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায় জিডি স্টাডি সার্কেলের অন্তর্গত পাইওনিয়ার মিশন আয়োজিত প্রাথমিক শিক্ষকদের নিয়ে একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল রবিবার। অনুসন্ধান সোসাইটির সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় অংশ নিয়েছিলেন লালগোলা-ভগবানগোলা এলাকার তিরিশটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাগণ।

এদিন সূচনা বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা প্রশাসক দিব্য গোপাল ঘটক বলেন, দ্রুত পরিবর্তনশীল এই সমাজে আমাদের শিক্ষা ব্যবস্থায় পাঠ পরিকল্পনা, পাঠদান এমনকি ক্লাসরুম সজ্জাতেও পরিবর্তন সম্পর্কে ভাবা জরুরি। পড়াশোনার ক্ষেত্রে বইপত্রের ব্যবহার যত কম হয় ততই ভালো। পড়াশোনায় সাহায্য করে এরকম কম খরচের মধ্যে শিক্ষা উপকরণের কথা ভাবতে হবে শিক্ষকদের। ছাত্র-ছাত্রীরা খুব দ্রুত শেখে প্রকৃতি থেকে, বড়দের আচার-আচরণ থেকে। দিব্যবাবু উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে বলেন, পড়াশোনা মানে একঘেঁয়ে মুখস্ত-বিদ্যা নয়, শিক্ষার্থীকে কোনও কিছু জানতে কৌতূহলি করে তুলতে হবে, শিশু যেন ভাবতে শেখে। তাদের মধ্যে সৃজনশীলতা ও মূল্যবোধের বিকাশ যেন ঘটে সেদিকে বিশেষ নজর রাখতে হবে, তাহলেই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসবে।

এদিন কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা থেকে আগত প্রধান শিক্ষক মোঃ সাহিদ আলি, ফিজিক্সের বিশিষ্ট শিক্ষক নাজিম মল্লিক ও গণিতের শিক্ষক নায়ীমুল হক।

এদিনের কর্মশালায় সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন পাইওনিয়ার মিশনের সম্পাদক আবু তাহের, ডাক্তার শাকিল আজম, ডাক্তার মোঃ তৌহিদুর রহমান প্রমুখ। সঞ্চালনায় ছিলেন জুবায়ের আহমেদ। জিডি স্টাডি সার্কেলের তত্ত্বাবধানে এবং অনুসন্ধান সোসাইটির সহযোগিতায় আগামী দিনে আরো কিছু পরিকল্পনার কথা বলেন ডাঃ তৌহিদুর রহমান। এদিন সর্বসম্মতিক্রমে তাঁকে প্রাথমিক শিক্ষা কর্মশালার পরিকল্পনাকে সুচারুরূপে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাইওনিয়ার মিশনের পক্ষে আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ