হাওড়ায় একদিনের প্রাথমিক শিখন কর্মশালা
নিজস্ব প্রতিবেদন : একেবারে ছোট থেকে যাতে শিশুদের মধ্যে সৃজনশীলতা গড়ে ওঠে, কোনো বিষয়ে জানার ব্যাপারে শিশুরা যাতে কৌতুহলী হয়, অনুসন্ধিৎসু মন সৃষ্টি হয়- সে ব্যাপারে প্রাথমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষক শিক্ষিকাদের জন্য শিখন কর্মশালার আয়োজন করছে অনুসন্ধান সোসাইটি। এমনই এক কর্মশালার আয়োজন করা হয়েছিল গত রবিবার হাওড়া জেলার জগৎবল্লভপুর চক্রে হাফেজপুর প্রাথমিক বিদ্যালয়ে। সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল সামাজিক সংগঠন পিস। বিভিন্ন স্কুলের নির্বাচিত ছাত্র-ছাত্রীদের নিয়ে স্থানীয় শিক্ষক শিক্ষিকাদের জন্য একদিনের এই কর্মশালাটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে। দিনের শেষ অবধি শিশুরা উপভোগ করেছে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর উৎসাহের সঙ্গে প্রদান করেছে।
এদিনের মুখ্য প্রশিক্ষক পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের অবসরপ্রাপ্ত প্রশাসক দিব্য গোপাল ঘটক বলেন, সব সময় আমাদের মনে রাখতে হবে পাঠদান যেন পাঠ্যপুস্তক নির্ভরশীল না হয়ে পড়ে বরং তা যেন হয় প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যশীল এবং দৈনন্দিন জীবনের সঙ্গে সাযুজ্যময়। ছোট শিশুরা খেলার ছলে চেনা জগতের বিষয়াদি নিয়ে কাজ করতে পছন্দ করে। এতে তাদের দ্রুত শিখন ঘটে। এদিন বিভিন্নভাবে হাতে-কলমে, মাইন্ড ম্যাপিং-এর মাধ্যমে বাংলা, ইংরেজি, বিজ্ঞান এবং অংকের মডেল পাঠদান কেমন হবে তা করে দেখানো হয়। প্রশিক্ষক হিসেবে এদিন উপস্থিত ছিলেন ডঃ স্বাগতা বসাক, সাহিদ আলী, গৌরাঙ্গ সরখেল, মাহমুদা খাতুন ও নাফিসা ইসমাত। বিশিষ্টজনদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন পিস সংগঠনের রাজ্য কোষাধ্যক্ষ তৌহিদ আহমেদ খান, হাওড়া জেলা সম্পাদক জামিল মানোয়ার, সহ-সম্পাদক মিজানুর রহমান, নাজমুল লস্কর, সহ-সভাপতি সেখ আরিফ আলী প্রমূখ।
বিভিন্ন এলাকায় প্রাথমিক বিভাগের ছাত্র-ছাত্রী দের নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত উপযোগী বলে এদিন উপস্থিত সকলের অভিমত।

