দেশ 

বিচারপতি বর্মার মামলা থেকে অব্যাহতি নিলেন প্রধান বিচারপতি গবই! গঠিত হবে বিশেষ বেঞ্চ!

শেয়ার করুন

সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া তিন সদস্যের কমিটির রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালতেই মামলা করেছেন বিচারপতি যশবন্ত বর্মা। সেই মামলার শুনানি থেকে এ বার নিজেকে সরিয়ে নিলেন প্রধান বিচারপতি বিআর গবই। বুধবার তিনি জানান, নগদকাণ্ড এবং বিচারপতি বর্মার বিষয় নিয়ে তাঁর পূর্বসূরি প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার সঙ্গে আলোচনা করেছিলেন। এ হেন পরিস্থিতিতে তাঁর এই মামলার শুনানি করা উচিত হবে না, এমনই জানান প্রধান বিচারপতি গবই। তবে বিচারপতি বর্মার মামলা শোনার জন্য বিশেষ বেঞ্চ গঠন করা হবে বলেও জানান তিনি।

বিচারপতি বর্মার পক্ষের আইনজীবী কপিল সিব্বল জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়েছেন। তাঁর দাবি, ‘‘এখানে সাংবিধানিক প্রশ্ন রয়েছে।’’ তার পরেই প্রধান বিচারপতি গবই বলেন, ‘‘আমি মনে করি আমার পক্ষে এই বিষয়টি (বিচারপতি বর্মার মামলা) তোলা ঠিক হবে না। কারণ এই বিষয়ে আলোচনাতে আমিও অংশ ছিলাম। আমি একটি বেঞ্চ গঠন করব।’’

Advertisement

চলতি বছরে দোলের দিন দিল্লি হাই কোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার বাসভবনের গুদামে আগুন লেগে যায়। দমকলকর্মীরা আগুন নেবাতে গিয়ে আধপোড়া নোটের রাশি রাশি বান্ডিল উদ্ধার করেন। সেই থেকে বিতর্কের সূত্রপাত। ওই বিচারপতিকে দিল্লি থেকে ইলাহাবাদ হাই কোর্টে বদলি করা হয়। ক্রমে মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালত ওই ঘটনার অনুসন্ধানের জন্য হাই কোর্টের তিন বিচারপতিকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে।

অনুসন্ধান কমিটির রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতি বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্টের সুপারিশ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি খন্না। যদিও অনুসন্ধান কমিটির রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি। অনুসন্ধান কমিটির সেই রিপোর্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিচারপতি বর্মা। সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়েছেন, উদ্ধার হওয়া বস্তা ভর্তি টাকার মালিক যে তিনিই, তা প্রমাণ করতে পারেনি তদন্ত কমিটি। টাকা উদ্ধারের অভিযোগের সত্যতাও প্রমাণ করতে পারেনি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ