কলকাতা 

বাঙালি পরিযায়ী শ্রমিকদের হয়রানি বন্ধ করুন : এসডিপিআই

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : বিভিন্ন রাজ্যে বিশেষ করে সেই সব রাজ্য যেখানে বিজেপি এবং তার শরিকদের শাসিত, পশ্চিমবঙ্গ থেকে গিয়ে কাজ করা দরিদ্র পরিযায়ী শ্রমিকদেরকে পুলিশ ও অন্যান্য প্রশাসনিক কর্তৃপক্ষ দ্বারা হয়রানির শিকার হতে হচ্ছে এটি অত্যন্ত উদ্বেগজনক খবর। অথচ এই শ্রমিকরা ভারতীয় নাগরিক এবং সংবিধান অনুযায়ী দেশের যেকোনো অংশে গিয়ে কাজ করার অধিকার তাঁদের রয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট ও পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিক সরকারি বিবৃতির ভিত্তিতে জানা যাচ্ছে, আসাম, ওড়িশা, বিহার এবং মহারাষ্ট্র—এইসব রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হয়রানির ঘটনা ঘটছে। এই শ্রমিকদের অধিকাংশই দিনমজুর, রিকশাচালক বা রাজমিস্ত্রির কাজ করেন। এই রাজ্যগুলি বিজেপি ও তাদের মিত্রদের দ্বারা পরিচালিত। ঘটনাগুলোর মধ্যে একটি সুস্পষ্ট ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে বাংলাভাষী শ্রমিকদের বিশেষভাবে টার্গেট করা হচ্ছে, কারণ তাঁদের মধ্যে অধিকাংশই দরিদ্র মুসলিম যাঁরা জীবিকার সন্ধানে ভিন রাজ্যে গেছেন।

Advertisement

যদিও তাঁরা আধার কার্ডসহ বৈধ নাগরিকত্বের প্রমাণপত্র দেখাচ্ছেন, তবু সেসব রাজ্যের পুলিশ তাঁদের হয়রানি করছে এবং “বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী” বলে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করছে, শুধুমাত্র এই কারণে যে তাঁরা বাংলাভাষী।

সম্প্রতি ওড়িশার মুখ্যসচিবের কাছে লেখা এক চিঠিতে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পান্ত এই সমস্ত দুঃখজনক ঘটনার উল্লেখ করেছেন এবং জানিয়েছেন, শুধুমাত্র মাতৃভাষা বাংলা বলার কারণে বাংলার শ্রমিকদের আক্রমণের শিকার হতে হচ্ছে। তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রেই তাঁদের বেআইনিভাবে বাংলাদেশি বলা হচ্ছে—শুধু ভাষাগত সাদৃশ্যের কারণে। এই ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অন্যান্য রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কলকাতায় প্রতিবাদ মিছিল করেছেন।

এই পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এসব শ্রমিক নিজ রাজ্যে দারিদ্র্য ও কর্মসংস্থানের অভাবে বাধ্য হয়ে বাইরে কাজ খুঁজতে যান। তাঁরা সেইসব কাজ করছেন যা স্থানীয় শ্রমিকরা করতে চান না, হয় কম মজুরি অথবা সামাজিক মর্যাদার কারণে। অথচ এই শ্রমিকরা সংশ্লিষ্ট রাজ্যের অর্থনীতিতে যেমন অবদান রাখছেন, তেমনই জাতীয় অর্থনীতিকেও সমৃদ্ধ করছেন। বিজেপি ও তাদের শরিকরা পরিযায়ী শ্রমিকদের প্রতি সংকীর্ণ ও সাম্প্রদায়িক মনোভাব দেখিয়ে দেশের অর্থনৈতিক বিকাশের পথে বাধা সৃষ্টি করছে।

এসডিপিআই কেন্দ্র ও রাজ্য সরকারগুলির কাছে দাবি জানাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের প্রতি এই ধরনের বৈষম্যমূলক ও অবৈধ হয়রানি অবিলম্বে বন্ধ করার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা হোক। মনে রাখতে হবে, পুলিশের এহেন বেআইনি আচরণ এবং শাসকদলের পক্ষ থেকে সংঘটিত এই ধরণের কর্মকাণ্ড আমাদের জাতীয় সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে মারাত্মক ক্ষতিকর।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ