আগামী নির্বাচনে বাংলায় বিজেপিকে শূন্য করার আহ্বান অভিষেকের
বাংলার জনরব ডেস্ক : ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে শূন্য করার ডাক দেন। শুধু তাই নয় বিজেপি কে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে বলেও তিনি হুশিয়ারি দেন। কার্যত আজকের এই সমাবেশ থেকেই আগামী বিধানসভার নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, জয় শ্রীরাম ছাড়িয়ে ওদেরকে জয় মা কালী জয় মা দূর্গা বলিয়েছি, আগামী দিনে জয় বাংলাও বলবে বলতে বাধ্য করাবো।
এদিন অভিষেক বলেন, ‘‘বিজেপিকে প্রথম বাংলাবিরোধী আমরা বলেছি। আমরা জনতার গর্জনের ডাক দিয়েছিলাম। শুধু রাজনৈতিক স্লোগান নয়। সেটাই বিজেপির আসল চরিত্র। বিজেপি বাংলার সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য করে, ময়দানে জিততে না পেরে নির্লজ্জের মতো গরিব মানুষকে মারার পরিকল্পনা করে। টাকা আটকে রাখে। ওদের একটাই পরিচয়, বাংলাবিরোধী।’’

অভিষেক বলেন, ‘‘আমরা বাংলায় কথা বলি। ১০০ বার বলব। গর্ব করে বলব। ২০২৬ সালের পর বিজেপিকে দিয়েও ‘জয় বাংলা’ বলাব। লিখে রাখুন।’’ পদ্মফুল উপড়ে ফেলার হুঁশিয়ারি দিলেন অভিষেক।
অভিষেক বলেন, ‘‘আমরা মেরুদণ্ড বিক্রি করব না। গলা কেটে দিলেও ‘জয় বাংলা’ বেরোবে। এক দিকে ইডিকে ব্যবহার করা হচ্ছে। আর এক দিকে নির্বাচন কমিশনকে (ইসি) ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম কেটে দিচ্ছে। দু’টি ই-কে কাজে লাগাচ্ছে। কেউ ভয় পাবেন না।’’
অভিষেক বলেন, ‘‘বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়। বিজেপিকে আমরা ছাব্বিশের পর ওই ক্যাম্পে নিয়ে যাব। বিজেপিকে কোনও জায়গা ছাড়া চলবে না।’’

