দেশ 

 বালেশ্বরে কলেজ ছাত্রীর মৃত্যু ঘিরে উত্তপ্ত ওড়িশা, কংগ্রেস সহ বিরোধীদের তীব্র আন্দোলনে উত্তাল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বালেশ্বরে কলেজছাত্রীর মৃত্যু ঘিরে উত্তপ্ত ওড়িশা। বুধবার সকালে বিধানসভার সামনে জড়ো হয়ে প্রতিবাদ, বিক্ষোভ দেখাতে থাকেন বহু মানুষ। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে বিধানসভার সামনে বিশাল পুলিশবাহিনী পৌঁছোয়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষুব্ধেরা। বাধা দেয় পুলিশ। তার পরই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁদের। বিক্ষুব্ধ জনতাকে হটাতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। ব্যবহার করা হয় জলকামানও।

অন্য দিকে, বালেশ্বরে বুধবার আট ঘণ্টার জন্য বন্‌ধ ডেকেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বিজু জনতা দল (বিজেডি)। ভুবনেশ্বরে সচিবালয় লোকসেবা ভবনের সামনে বিজেডির কর্মী-সমর্থকেরা বিক্ষোভ দেখাতে পারেন, এই আশঙ্কায় নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেডি। শুধু তা-ই নয়, এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তেরও দাবি জোরালো হতে শুরু করেছে রাজ্যে।

বুধবার সকাল থেকেই বালেশ্বরের পথে নেমেছেন বিজেডির কর্মী-সমর্থকেরা। সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্‌ধ ডেকেছে বিজেডি। জেলার রাস্তায় রাস্তায় বিক্ষোভ শুরু হয়েছে। কোথাও টায়ার জ্বালিয়ে প্রতিবাদে শামিল হয়েছেন বিজেডির কর্মীরা। আর এই বন্‌ধের ব্যাপক প্রভাব পড়েছে বালেশ্বরে। দোকান, বাজার, অফিস বন্ধ। রাস্তায় যান চলাচলও থমকে গিয়েছে। নবীনের দলের হুঁশিয়ারি, যদি সরকার এই ঘটনায় দ্রুত পদক্ষেপ না করে, তা হলে বিক্ষোভের আঁচ রাজ্য জুড়ে ছড়িয়ে দেওয়া হবে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ