শোকজের জবাব দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর! ক্ষমা চাইলেন?
বাংলার জনরব ডেস্ক : দলকে না জানিয়ে কালীগঞ্জে নিহত সিপিএম পরিবারের কন্যা তামান্নার বাড়িতে যাওয়ার কারণে ডেবরার তৃণমূল বিধায়ক প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবীরকে শোকজ করেছিল তৃণমূল। তিন দিনের মধ্যে সেই শোকজের উত্তর দেওয়ার কথা ছিল সেই মতো প্রাক্তন এই পুলিশকর্তা শোকজের উত্তর দিয়েছেন বলে জানা গেছে।
রবিবার রাজ্য নেতৃত্বকে চিঠি দিয়ে শো কজ়ের জবাব দিয়েছেন তিনি। সোমবার হুমায়ুন কবীর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি দলকে জবাব পাঠিয়ে দিয়েছেন। তবে জবাবে কী লিখেছেন, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রাক্তন পুলিশকর্তা। তৃণমূল নেতৃত্ব সূত্রের খবর, জবাবে হুমায়ুন ভুল স্বীকার বা দুঃখপ্রকাশ কোনওটাই করেননি।
কালীগঞ্জের বিধানসভা উপনির্বাচনের গণনা ছিল গত সোমবার। গণনা শেষ হওয়ার আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল, তৃণমূল প্রার্থী বিপুল ভোটে জিততে চলেছেন। ফলে আগেই বিজয়মিছিল বের করেন শাসকদলের কর্মী-সমর্থকেরা। অভিযোগ, একটি বিজয়মিছিল থেকে সকেট বোমা ছোড়া হয় সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে। বোমার আঘাতে মৃত্যু হয় বছর দশেকের কিশোরী তমন্নার।
বুধবার নিহত তমন্নার বাড়িতে যান ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন। নিহতের পরিবারকে আর্থিক সাহায্য করতে চেয়েছিলেন তিনি। কিন্তু টাকা নেননি তমন্নার মা সাবিনা বিবি। বরং দোষীদের শাস্তি চেয়েছেন। তিনি তৃণমূল বিধায়ককে সাফ জানিয়ে দিয়েছিলেন, টাকা নেওয়ার মতো কেউ তাঁর বাড়িতে নেই। তাঁর বাড়ি আছে, জমি আছে, টাকারও প্রয়োজন নেই। তিনি শুধু মেয়ের খুনিদের শাস্তি পেতে দেখতে চান। কালীগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী এক বারও তাঁদের বাড়িতে যাননি বলেও ক্ষোভপ্রকাশ করেছিলেন তমন্নার মা। বলেছিলেন, ‘‘জয়ী বিধায়ক এক বারও এলেন না! কেন এলেন না? আসার দরকার নেই?’’
দলের নেতৃত্বকে না জানিয়ে ওই ভাবে নিহত কিশোরীর বাড়িতে যাওয়ায় রুষ্ট হন তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার সন্ধ্যায় হুমায়ুনকে শো কজ় করা হয়।
তৃণমূল সূত্রের খবর, হুমায়ুন জবাবি চিঠিতে ভুল স্বীকার বা দুঃখপ্রকাশ, কোনওটিই করেননি। বরং তিনি কেন ওই নিহত কিশোরীর বাড়িতে গিয়েছিলেন, সেই বিষয়টিই বিস্তারিত জানিয়েছেন। বিধায়ক জানিয়েছেন, তিনি রাজনৈতিক নেতা হিসাবে কোনও দলের তরফে তমন্নার পরিবারকে অর্থসাহায্য করতে যাননি। তাঁর আলাদা একটি অরাজনৈতিক সংগঠন রয়েছে। সেই সংগঠনের তরফে অর্থসাহায্য করতে গিয়েছিলেন। সেই অর্থ যে প্রত্যাখ্যান করেছে তমন্নার পরিবার, তা-ও শো কজ়ের জবাবে লিখেছেন তৃণমূল বিধায়ক। এখন দেখার, তৃণমূল এর পরেও তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে কি না।

