মহাসমারোহে শুরু হল অল ইন্ডিয়া সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশন (AISTA)-এর সুবর্ণ জয়ন্তী উদযাপন
নায়ীমুল হকের প্রতিবেদন : ৫০ বছর পদার্পণের ইতিহাসকে সাক্ষী রাখতে এ বছর বিজ্ঞান শিক্ষকদের ঐতিহ্যশালী সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশন (AISTA)-এর পশ্চিমবঙ্গ শাখা আয়োজন করেছে দুদিনের অনুষ্ঠান। প্রথম দিন ছিল গতকাল শনিবার একুশে জুন। কলকাতার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিদ্যাপীঠে শুরু হয় প্রথম দিনের অনুষ্ঠান। আয়োজন করা হয়েছিল ক্লাস থ্রি থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে নানা ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান।
এই অনুষ্ঠান নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল দেখার মতো। বিভিন্ন জেলার ৬২ টা স্কুল থেকে চার শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয় বিভিন্ন প্রতিযোগিতায়। বিজ্ঞানের উপর নানা ধরনের যেমন–আবহাওয়ার পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, জল সংকট, মুড়ি মুড়কির মতো ওষুধ খাওয়া ইত্যাদি বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা অংশ নেয় বক্তৃতা, কুইজ, চার্ট-মডেল বানাও, বসে আঁকো প্রতিযোগিতায়। ছাত্র-ছাত্রীদের উৎসাহ জোগাতে প্রতিটি বিভাগের বিজয়ী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ AISTA-এর সভাপতি অধ্যাপক ডঃ কমল কৃষ্ণদে, সহ-সভাপতি ডঃ দেবব্রত মজুমদার, বনবিহারী পাত্র, সম্পাদক ডঃ পার্থ কর্মকার, পার্থপ্রতিম বৈদ্য, অনিমেষ মান্না, বিক্রমজিৎ মন্ডল, সীমা নায়েক, শিখা মুখার্জি প্রমুখ।

আগামীকাল যাদবপুর বিদ্যাপীঠেই দ্বিতীয় দিনের বার্ষিক সভা উদ্বোধন করবেন কল্যাণী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডঃ কল্লোল পাল। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখবেন বোধিসত্তা ব্যানার্জি, অর্ণব সরকার, ডঃ মানস প্রতিম দাস, ডঃ সুতপা সান্যাল, অধ্যাপক সুখেন্দু কর প্রমুখ।

