জেলা 

মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ নিয়ে শিলিগুড়িতে শিক্ষক-সভা

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষা দরদী মোস্তাক হোসেন নামাঙ্কিত ট্যালেন্ট সার্চ 2025-এর এক বড়সড় উদ্যোগ নিয়েছে বেস এডুকেশনাল হাব। তাদের সঙ্গে হাত মিলিয়েছে চেকমেট কেরিয়ার, পলিসি টাইমস, নর্থ ইস্টার্ন ইংলিশ অ্যাকাডেমি। উৎকর্ষ সহযোগিতা দিচ্ছে জিডি স্টাডি সার্কেল ও অনুসন্ধান সোসাইটি। এছাড়া আছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয়ে ডেডিকেটেড একটা গ্রুপ।

এই উদ্যোগ সহ বিশেষ করে উত্তরবঙ্গের প্রান্তিক অঞ্চলে সামগ্রিক শিক্ষার মান উন্নয়নে এক শিক্ষক-সভার আয়োজন করা হয়েছিল রবিবার শিলিগুড়িতে। ট্যালেন্ট সার্চ নিয়ে আলোচনায় বলা হয় এই ধরনের পরীক্ষার মাধ্যমে ছোটো থেকে শিক্ষায় প্রতিযোগিতার মনোভাব গড়ে দেওয়া, বড় হয়ে কম্পিটিটিভ পরীক্ষা কেমন হয়– তা শিখতে পারা যায়। বয়সের ভিত্তিতে উপলব্ধ জ্ঞান কেমন অর্জন করতে পেরেছে, সেটাই হয় এর সিলেবাস এবং যেকোনো বোর্ডের ছাত্র-ছাত্রীরাই এই পরীক্ষায় অংশ নিতে পারে বলে মন্তব্য করেন উপস্থিত সকলে। পরীক্ষার প্রশ্নপত্র সেই ধাঁচেই প্রস্তুত করতে অভিজ্ঞ শিক্ষকদের সঙ্গে ইয়ং টিচারদের সংমিশ্রণ করা হয়েছে বলে জানানো হয়। এই ট্যালেন্ট সার্চ পরীক্ষা নিয়ে অভিভাবকদের মধ্যেও সৃষ্টি হয়েছে প্রবল উৎসাহ। তাই বেস এডুকেশনাল হাব প্রস্তুত করেছে ১২০ পৃষ্ঠার একটি অনুশীলন বই। স্বল্প মূল্য রাখা হয়েছে এই বইয়ের সমস্ত শ্রেণীর ছাত্র-ছাত্রীদের দিকে তাকিয়ে। এদিন এ বইয়ের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এদিনের সভায় প্রাথমিক শিক্ষা সহ টিচার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম, বেসরকারি স্কুলের অ্যাফিলিয়েশন নেওয়া ইত্যাদি নিয়ে গুরুত্বপূর্ণ মতামত রাখেন বিশেষজ্ঞ শিক্ষকরা।

Advertisement

এ দিনের শিক্ষক-সভায় আলোচনায় অংশ নেন আল আমিন মিশন শিলিগুড়ি শাখার প্রিন্সিপাল মেহেবুবা আলী, বেস আন-নূর মডেল স্কুলের সম্পাদক খাদেমুল ইসলাম, আকরাম হক, ইসমাত আরা বেগম, নাফিসা ইসমাত, আব্দুর রাজ্জাক, রাসনাউল আলম, আবুল কালাম আজাদ, মোশাররফ আলী প্রমুখ। এদিনের সভায় প্রধান অতিথি ছিল উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে অষ্টম স্থান অধিকারী শিরিন আলম। সভাপতিত্ব করেন মুরালিগঞ্জ হাই স্কুল এর প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ সামসুল আলম এবং সঞ্চালনায় ছিলেন অনুসন্ধান সোসাইটির সম্পাদক বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল ও সার্বিক তত্ত্বাবধানে শরিফ মন্ডল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ