ভারতের যুদ্ধবিমান পাকিস্তান ধ্বংস করেছিল, স্বীকার করলেন সেনা সর্বাধিনায়ক! কতগুলি? উত্তরে কী বললেন অনিল চৌহান?
বাংলার জনরব ডেস্ক : প্রশ্নটা অনেকবার এসেছে। গত ৭মে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে হামলা চালিয়েছিল ভারত। তারপর বেশ কয়েক ঘন্টা ধরে দুই দেশের মধ্যে গোলাগুলি ক্ষেপণাস্ত্র ছোড়াছুড়ি হয়েছিল। এরই মাঝে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ভারতের কয়েকটি যুদ্ধবিমান দ্বারা বিধ্বংস করেছে। কিন্তু এতদিন ধরে ভারত সরকারের পক্ষ থেকে তার স্বীকার করা হচ্ছিল না অবশেষে পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এ কথা স্বীকার করে দিলেন সেনা সর্বাধিনায়ক বা চিফ অফ ডিফেন্স স্টাফ বা CDS অনিল চৌহান।
তিনি সাংগ্রিলা বৈঠকে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছেন। শনিবার সেখানেই ব্লুমবার্গ টিভিকে একটি সাক্ষাৎকার দেন তিনি। ভারত-পাকিস্তানের সংঘাত এবং ভারতের যুদ্ধবিমান নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি উত্তর দেননি অনিল। তবে তিনি যা বলেছেন, তাতে যুদ্ধবিমান ধ্বংসের কথা স্পষ্ট হয়ে গিয়েছে।
সাক্ষাৎকারে অনিলকে বলা হয়, ‘‘ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের বিষয়ে একটি প্রশ্নের উত্তর এখনও মেলেনি। পাকিস্তান কি ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছিল? এক বা একাধিক?’’ সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ বলেননি ভারতের সেনা সর্বাধিনায়ক। তিনি বলেন, ‘‘আমাদের কাছে যুদ্ধবিমান ধ্বংসটা গুরুত্বপূর্ণ নয়। কেন সেটা ধ্বংস হল, সেটাই গুরুত্বপূর্ণ।’’ সাক্ষাৎকারকারী এর পর আরও জোর দিয়ে প্রশ্ন করতে থাকেন, ‘‘তার মানে অন্তত একটি যুদ্ধবিমান পাকিস্তানি হামলায় ধ্বংস হয়েছিল?’’ সংক্ষেপে ‘হ্যাঁ’ বলে অনিল ভারতীয় সেনার কৌশল ব্যাখ্যায় জোর দেন। বলেন, ‘‘যেটা ইতিবাচক দিক, সেটা হল, আমরা আমাদের কৌশলগত ভুলটা তখনই বুঝতে পেরেছি এবং সেটা শুধরে দু’দিন পর আবার সেই কৌশল প্রয়োগ করেছি। সব যুদ্ধবিমান আবার আমরা উড়িয়েছি এবং দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করেছি।’’
পাকিস্তান দাবি করেছে, ভারতের অন্তত ছ’টি যুদ্ধবিমান তাদের হামলায় ধ্বংস হয়ে গিয়েছে। সেটা কি সত্যি? অনিলের জবাব, ‘‘একেবারেই নয়।’’ তবে কতগুলি যুদ্ধবিমান পাকিস্তানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিয়ে আর কিছু বলেননি অনিল। ভারতের সেনা সর্বাধিনায়ক এর পর আবার বলেন, ‘‘বিমান ধ্বংসের তথ্যটি গুরুত্বপূর্ণই নয়। কেন তা ধ্বংস হল এবং তার পর আমরা কী করলাম, আমাদের কাছে সেটাই গুরুত্বপূর্ণ।’’
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করে ভারত। পাকিস্তানে সামরিক অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। প্রত্যাঘাতের সেই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানও পাল্টা হামলা চালায়। টানা চার দিন দুই দেশের মধ্যে সংঘাত চলার পর গত ১০ মে ভারত এবং পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘর্ষবিরতির কথা প্রথম সমাজমাধ্যমে প্রকাশ করেন। তিনি দাবি করেছেন, ভারত ও পাকিস্তান পরমাণু সংঘাতের দিকে এগোচ্ছিল। আমেরিকার মধ্যস্থতাতেই সংঘর্ষবিরতি সম্ভব হয়েছে। এ বিষয়েও প্রশ্ন করা হয়েছিল অনিলকে। ট্রাম্পের দাবি নিয়ে সরাসরি মন্তব্য করেননি তিনি। তবে ভারত এবং পাকিস্তানের মধ্যে পরমাণু সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল বলে তিনি মানতে চাননি।
অনিল বলেন, ‘‘ব্যক্তিগত ভাবে আমার মনে হয়, সাধারণ অভিযান এবং পরমাণু সংঘর্ষের মধ্যে অনেক ফারাক রয়েছে।’’ পাকিস্তানের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের রাস্তা সবসময় খোলা ছিল বলেও জানিয়েছেন সেনা সর্বাধিনায়ক।

