ঘটনার ২১ দিন পর পহেলগামের ঘাতক জঙ্গিদের ছবি দিয়ে পোস্টার কাশ্মীরে, হদিশ দিতে পারলেই ২০ লক্ষ টাকা পুরস্কার
বিশেষ প্রতিনিধি : জম্মু-কাশ্মীরের পহেলগামে (Jammu Kashmir Pahalgam Attack) যে জঙ্গিরা হামলা করেছিল ২১ দিন অতিবাহিত হলেও তাদের খোঁজ এখনও মেলেনি। ভারত পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযান করেছে ঠিকই, কিন্তু পহেলগামের সন্ত্রাসবাদীরা এখন কোথায়, সে নিয়ে সরকার বা সেনার (Indian Army) তরফে কোনও তথ্য দেওয়া হয়নি। এবার সেই জঙ্গিদের ধরতে এলাকায় এলাকায় পোস্টার দিল জম্মু-কাশ্মীর পুলিশ (Jammu Kashmir Police)। তিন জঙ্গির ছবি প্রকাশ করে পোস্টার দেওয়া হয়েছে। পাশাপাশি জঙ্গিদের মাথার দাম রাখা হয়েছে ২০ লক্ষ টাকা।
যাদের ছবি দিয়ে পোস্টার দেওয়া হয়েছে তারা পহেলগাম কাণ্ডে জড়িত বলেই নিশ্চিত পুলিশ। সেই প্রেক্ষিতে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের সর্বত্র পোস্টার দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ কাশ্মীরের পাহাড় এবং জঙ্গলে তল্লাশি অভিযান জারি রেখেছে ভারতীয় সেনা। অনুমান করা হচ্ছে, ওই এলাকাতেই জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে। কিন্তু আদতে তারা কোথায়, সে ব্যাপারে এখনও কোনও তথ্য নেই কাশ্মীর পুলিশ বা সেনার কাছে।
পহেলগাম কাণ্ডের ২১ দিন পার হয়ে গেছে। ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ অভিযান করে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে। ১০০-র বেশি জঙ্গি নিকেশ হয়েছে বলেও দাবি। কিন্তু পহেলগাম কাণ্ডের মূল চার বা পাঁচ জঙ্গি কোথায়, তাদের কেন ধরা বা নিকেশ করা যায়নি, সেই প্রশ্ন উঠছে। বিগত কয়েকদিনে একাধিকবার ভারতীয় সেনার তরফে সাংবাদিক বৈঠক করা হয়েছে। কিন্তু ওই মূল হামলাকারীদের নিয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। অনেকের অনুমান, চুপচাপ জঙ্গি নিকেশের ছক করছে সেনা। তাই এই নিয়ে হয়তো বেশি কথা বলা হচ্ছে না।

