৩০ এপ্রিল থেকে স্কুল মাদ্রাসায় গরমের ছুটি ঘোষনা মুখ্যমন্ত্রীর
বাংলার জনরব ডেস্ক : আগামী ৩০ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গ সরকারের পরিচালিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুল মাদ্রাসাতে গরমের ছুটি ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার ২৫ হাজার ৭৫২ জনের চাকরির বাতিলের রায় সুপ্রিম কোর্ট ঘোষণা করার কিছুক্ষণ পরেই নবান্নে সাবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সাংবাদিক বৈঠকে সুপ্রিম কোর্টের রায় কে মান্যতা দিয়ে আগামী তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে জানানোর পাশাপাশি তিনি বলেন প্রচন্ড গরমের কারণে ৩০ শে এপ্রিল থেকে সরকার পরিচালিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুল মাদ্রাসা গুলিতে ছুটি ঘোষণা করা হচ্ছে।

শিক্ষা দফতরের সূচি জানিয়েছিল, এ বছর গরমের ছুটি ১২ মে থেকে শুরু হয়ে ২৩ মে পর্যন্ত চলবে। অর্থাৎ, মাত্র ১১ দিনের জন্য স্কুল বন্ধ থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গের মতো গ্রীষ্মপ্রধান রাজ্যে এত কম সময়ের ছুটি যথেষ্ট কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিক্ষকরা। আজ মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে, ১২ দিন এগিয়ে এল ছুটি।
গত বছরও নির্ধারিত সময়ের আগেই ছুটি ঘোষণা করা হয়েছিল। ৯ মে থেকে ২০ মে পর্যন্ত ছুটি থাকার কথা থাকলেও, তীব্র দাবদাহের কারণে ২১ এপ্রিল থেকেই স্কুল বন্ধ হয়ে যায় এবং ২ জুন পর্যন্ত তা স্থায়ী হয়। ফলে, প্রায় দু’মাস স্কুল বন্ধ থাকায় ছাত্রদের পড়াশোনায় ব্যাপক প্রভাব পড়ে। এবারও ছুটি শুরু হয়ে যাচ্ছে ৩০ এপ্রিল থেকে। কবে স্কুল খুলবে, তা অবশ্য এখনও জানা যায়নি।
বিশেষত, যারা প্রথম প্রজন্মের শিক্ষার্থী, তারা স্কুলেই মূলত পড়াশোনা শেখে। দীর্ঘ বিরতির পর স্কুল খুললে দেখা যায়, অনেক ছাত্র আগের শেখা বিষয় ভুলে গেছে। এছাড়া, দীর্ঘ ছুটির আর একটি বড় সমস্যা হল মিড-ডে মিল প্রকল্প বন্ধ হয়ে যাওয়া।

