দেশ 

দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতা হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনাকে বেছে নিল আম আদমি পার্টি। রবিবার দলের তরফে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লির বিধানসভায় এর আগে বিরোধী দলনেতার পদে কোনও মহিলা বসেননি। আতিশীই হতে চলেছেন দিল্লির প্রথম মহিলা বিরোধী দলনেতা।

দিল্লির বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হয়েছে অরবিন্দ কেজরীওয়ালের দল। কেজরীওয়াল তো বটেই, বিজেপি প্রার্থীদের কাছে হেরে গিয়েছেন মণীশ সিসৌদিয়া-সহ আপের প্রথম সারির প্রায় সব নেতাই। এই ভরাডুবির মাঝেও অবশ্য মান রেখেছেন আতিশী। তিনি কালকাজি কেন্দ্রে সাড়ে তিন হাজারের বেশি ভোটে জিতেছেন।

Advertisement

দিল্লির রাজনীতি নিয়ে যাঁরা ওয়াকিবহাল, তাঁরা বলছেন, বিরোধী দলনেতার পদের জন্য আপে আতিশী ছাড়া আর তেমন কোনও বিকল্প ছিল না। দলের বড় নেতারা প্রায় সকলেই হেরে গিয়েছেন। দিল্লি বিধানসভায় আতিশীকে নিয়ে বর্তমানে আপের বিধায়ক সংখ্যা ২২ জন।

দিল্লিতে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে সোমবার থেকে। পূর্বতন আপ সরকারের দুর্নীতি নিয়ে ক্যাগের রিপোর্ট বিধানসভায় পেশ করতে পারে বিজেপি। রাজধানীর ক্ষমতা দখলের পর থেকেই এ বিষয়ে তারা সরব। সোমবার থেকে বিধানসভায় আতিশীকে বিরোধী দলনেতা হিসাবে দেখা যাবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ