ডি কোম্পানির নামে কলকাতা থেকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকি ফোন, গ্রেফতার ১ আটক ৪
বিশেষ প্রতিনিধি : মালদহের ইংরেজবাজার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোনে হুমকি দেওয়ার ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ‘ডি কোম্পানি’র প্রদীপ বলে যে ব্যক্তি ফোন করেন তার নাম শাহদত শেখ। মালদেহর বাসিন্দা ওই যুবক কৃষ্ণেন্দুকে হুমকি ফোন করার জন্য কলকাতায় গিয়েছিলেন। ওই ঘটনায় মোট পাঁচ জনের যোগ রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। বাকি চার জনকে আটকও করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে এক জন বিহারের বাসিন্দা।
কৃষ্ণেন্দু অভিযোগ করেন, বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ তিনি একটি মেসেজ পান। যিনি বার্তা পাঠিয়েছিলেন, তিনি নিজেকে ‘ডি কোম্পানি’র প্রদীপ বলে পরিচয় দিয়েছেন। তিনি বার্তায় লেখেন, ‘‘২০ পেটি দেনা হোগা আপকো, নেহি তো তুম অর তুমহারি ফ্যামিলি মেম্বার কো টোক দেঙ্গে।’’ বাংলায় তর্জমা করলে দাঁড়ায় ‘‘আপনাকে ২০ পেটি দিতে হবে। নয়তো আপনাকে এবং আপনার পরিবারকে গুলি করে দেব!’’ তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের খুনের হুমকি দেওয়ার পরে পুলিশের দ্বারস্থ হন কৃষ্ণেন্দু। শুক্রবার ওই ঘটনায় অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তিন জনকে আটক করে কালিয়াচক থানার পুলিশ। কিন্তু শনিবার সকাল পর্যন্ত কেউ গ্রেফতার না-হওয়ায় ক্ষুব্ধ হন মালদহ জেলা তৃণমূল নেতৃত্ব।


