খান বাহাদুর ওয়াছেল মোল্লার স্মরণ সভা মহেশতলার দুই মাদ্রাসায়
মতিয়ার রহমান : আজ থেকে দেড়শত বছর আগে যখন ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল তখন পরাধীন বাংলার অবিভক্ত ২৪ পরগনার মহেশতলার অন্তর্গত সন্তোষপুরে অত্যন্ত এক সাধারণ পরিবারে খান বাহাদুর ওয়াছেল মোল্লা নামে এক মহৎ ব্যক্তি জন্মেছিলেন। নিজ অধ্যাবসায় ,দক্ষতা ও কর্ম কুশলতায় খুব অল্পদিনেই তিনি এক বিশাল ব্যবসা স্থাপন করে বিত্তবান ব্যবসায়ী হিসেবে সকলের নেক নজরে চলে আসেন ।তৎকালীন সময়ে গরিব-দুঃখী আর অসহায় মানুষের কাছে তিনি দানশীল মানুষ হিসেবে পরিচিত ছিলেন ।নিজ সম্পদ ও ঐশ্বর্য তিনি মানুষের কল্যাণে খরচ করার মনস্থির করার সাথে সাথে শুরু হয়ে যায় তার জীবনের দ্বিতীয় অধ্যায় ।নিজে খুব বেশি লেখাপড়া না জানলেও তিনি ছিলেন শিক্ষানুরাগী।
শিক্ষার প্রতি তার প্রগাঢ় ভালোবাসা এবং শ্রদ্ধার টানে তিনি নবাব আব্দুস সাত্তার এবং খোদাবক্সের সহযোগিতায় আকড়া অঞ্চলে গড়ে তোলেন আকড়া হাই মাদ্রাসা এবং দারুল উলুম কুদসিয়া আকড়া সিনিয়র মাদ্রাসা। শুধু মহেশতলাতেই নয় মেটিয়াবুরুজে ও প্রতিষ্ঠা করেছিলেন মেটিয়াবুরুজ হাই স্কুল। সেই সময় যেহেতু সরকারি অনুদান এবং আর্থিক সহযোগিতা স্কুল এবং মাদ্রাসাগুলো পেত না তাই তিনি ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে অর্থের অফুরন্ত যোগানকে অব্যাহত রাখার জন্য মাদ্রাসার পাশেই নির্মাণ করেছিলেন সুবিশাল বাজার যা আজ মাদ্রাসা বাজার নামে খ্যাত। যেটা বর্তমানে নবাব আব্দুস সাত্তার এবং ওয়াছেেল মোল্লা ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়ে আসছে । তারই উদ্যোগে সন্তোষপুরে গড়ে উঠেছিল এক সুউচ্চ মসজিদ।
এরপর কলকাতার লেলিন সরণিতে তিনি গড়ে তোলেন ওয়াচেল মোল্লা হাউস এবং বড় ডিপার্টমেন্টাল স্টোরস। বিপ্লবী নেতাজী সুভাষচন্দ্র বোস দেশের স্বাধীনতার জন্য পুলিশের চোখে ধুলো দিয়ে যখন নিরুদ্দেশে পাড়ি দেন তখন নেতাজি জিয়াউদ্দিন নামে ছদ্মবেশ ধারণ করে এই ডিপার্টমেন্টাল স্টোরস থেকে প্রয়োজনীয় পোশাক কিনেছিলেন। এইভাবে তার ইতিহাসের সাথে যোগসূত্র স্থাপিত হয়েছিল।তারই পৃষ্ঠপোষকতায় মহেশতলা এবং মেটিয়াবুরুজের এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শিক্ষা সংস্কৃতিতে প্রাণ সঞ্চার হয়েছিল। তার বহুমুখী কর্মযজ্ঞ এবং সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তৎকালীন ব্রিটিশ সরকার তাকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করেছিলেন। সমাজকল্যাণে তার অবিস্মরণীয় অবদানের কথা মনে রেখে প্রতি বছরের ন্যায় এ বছরেও ২৮ এ ফেব্রুয়ারি মেটিয়াবুরুজ হাই স্কুল, আকরা হাই মাদ্রাসা ,এবং দারুল উলুম কুদসিয়া আকড়া সিনিয়র মাদ্রাসায় শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী সকলে মিলে কোরআন পাঠ এবং দোয়ার মধ্য দিয়ে তার মহৎ আত্মার শান্তি কামনা করে দিনটি পালিত হল। মোহাম্মদীয় আলোকে আলোকিত হয়ে ওয়াছেল মোল্লার পথ মত আদর্শ আজকের এই প্রজন্মের কাছে এক দৃষ্টান্ত ও পাথেয়।

